
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক এখন তাওহীদ হৃদয়।
ওয়েস্টে ইন্ডিজের বিপক্ষে দলের ব্যাটিং ভরাডুবির মধ্যে দলকে টেনে তোলার লড়াইয়ে ২৫৬ বলে ১৭২ রান করে এই মাইলফলক স্পর্শ করেন তাওহীদ।
এর আগে, ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৭১ রানে অপরাজিত থেকে এই রেকর্ডের মালিক ছিলেন মাহমুদুল হাসান জয়। এর পরের রেকর্ডটিও তার, ২০২৫ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে ১৬৯ রানে অপরাজিত ছিলেন জয়।
শনিবার তৃতীয় দিনের খেলা ২৯ রান নিয়ে শুরু করেছিলেন হৃদয়। সকালে মুশফিকুর রহিমকে সাথে নিয়ে চতুর্থ উইকেটে যোগ করেন ৫৩ রান। এরপর মুশফিক ৩৪ রান করে ফিরলেও থামেননি হৃদয়।
এরপর লিটন দাস (৮), মেহেদী হাসান মিরাজ (১৬) ও হাসান মাহমুদ (১) ফিরে গেলে বাংলাদেশের ইনিংস আরো চাপে পড়ে। তবে অন্য প্রান্তে উইকেট পড়লেও নিজের ব্যাটিংয়ে অবিচল ছিলেন হৃদয়।
তাইজুল ইসলামকে সাথে নিয়ে ইনিংস এগিয়ে নিতে থাকেন তিনি। ১০৯ বলে পঞ্চাশ পূর্ণ করার পর সেঞ্চুরির দিকেও এগিয়ে যান আত্মবিশ্বাসের সাথে। শেষ পর্যন্ত রস্টন চেজকে মিডউইকেটে ঠেলে দিয়ে তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন হৃদয়। হেলমেট খুলে ব্যাটের ওপর রেখে উদযাপন করেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি।
এর আগে ৯৯ রানের ঘরে পৌঁছানোর পথে জেডেন সিলসের একটি বল ফাইন লেগে পাঠিয়েছিলেন হৃদয়। তবে সেটি বাই হিসেবে গণ্য হওয়ায় তার স্কোরে যোগ হয়নি রানটি। পরের ওভারে চেজকে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
এরপর আরো আগ্রাসী হয়ে ওঠেন ডানহাতি এই ব্যাটার। ২৩৫ বলে দেড়শতে পৌঁছানোর পথে তিনি খেললেন ১৪ চার ও ৫ ছক্কায়। অর্থাৎ, পরের ৫০ রানের মধ্যে ৩৬ রানই এসেছে বাউন্ডারিতে। তাইজুল ১৫ রান করে সঙ্গ দিলেও বেশিরভাগ বলই মোকাবিলা করছেন হৃদয়।
পরে আরো ২০ বলে ২২ রান তুলে নিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক বনে যান হৃদয়।
প্রথম ইনিংসে এখনো ৫৫ রানে পিছিয়ে বাংলাদেশ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








