
রাজধানীর ওয়ারীতে পূর্বশত্রুতার জেরে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে ঢুকে নাঈমুর রহমান (২৪) নামে এক ম্যানেজারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক (৫০) ও স্টাফ মো: হাসান (২৬) আহত হয়েছেন।
শুক্রবার ভোর ৪টার দিকে হোটেল থেকে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন।
নিহত নাঈমুর রাজবাড়ীর গোয়ালন্দ থানার পূর্ব উজানচড় গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফার ছেলে। তিনি হোটেলটিতেই থাকতেন।
ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আলআমিন মিয়া জানান, ‘রাত আনুমানিক ২টার দিকে ওয়ারীর জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে দুই ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করেন। এ সময় তারা নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। চিৎকার শুনে হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও স্টাফ মো: হাসান এগিয়ে এলে তাদেরও কুপিয়ে আহত করা হয়।’
এসআই আলআমিন মিয়া জানান, ‘আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন।’
প্রাথমিকভাবে জানা গেছে, এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে হোটেলে ঢুকে এ ঘটনা ঘটিয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি। বিস্তারিত তথ্য জানতে পুলিশ কাজ করছে। নাঈমুরের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে আহত আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম হয়েছে। মো: হাসানের পেটে ছুরিকাঘাত করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে তারা শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
নিহতের চাচা মো: লাবলু জানান, তার ভাতিজা হোটেলের ম্যানেজার হিসেবে কাজ করার পাশাপাশি একটি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করতেন। সম্প্রতি তার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান এবং বাবা অন্ধ হওয়ায় পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেন নাঈমুর।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে হোটেলের সামনে অবৈধভাবে মুরগির দোকান বসানো হয়। পরে হোটেলের নিরাপত্তাকর্মীরা দোকানটি উচ্ছেদ করে দেন। এ ঘটনার পর রাতে স্থানীয় বিএনপি নেতা ও তার অনুসারীরা এসে হামলা চালান।
তিনি আরো জানান, মুরগির দোকান বসানো নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্যের (এমপি) কাছে গিয়েও সমাধান পাননি তারা।
তার অভিযোগ, এমপির লোকজন দোকান বসিয়ে চাঁদাবাজি করবেন—এমন আশঙ্কা থেকেই বৃহস্পতিবার দোকানটি বসানো হয়। পরে দোকান উচ্ছেদের পরই তার ভাতিজাকে হত্যা করে হামলাকারীরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









