উয়েফা ইউরোপা লিগ, ফিলিস্তিন, পতাকা, পতাকা ওড়ানো, পুলিশ, সংঘর্ষ, জর্জিয়া, ইসরাইল, হাপোয়েল বিয়ার শেভার, মর্টেন ক্রগ, পেপার স্প্রে, নিরাপত্তা বাহিনী, তুরস্কের ফুটবল ফেডারেশন, নিন্দা, সংবাদ সংস্থা, আনাদোলু
সংঘর্ষের দৃশ্য। সংগৃহীত
ads

ফিলিস্তিনের পতাকা ওড়ানোকে কেন্দ্র করে তুরস্কের ফুটবল ক্লাব বেসিকতাসের সমর্থকদের সাথে জর্জিয়ার পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উয়েফা ইউরোপা লিগের ম্যাচ প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জর্জিয়ার বাতুমি শহরে ইসরাইলের ক্লাব হাপোয়েল বিয়ার শেভার বিপক্ষে ম্যাচ চলাকালে এ সংঘর্ষ হয়। পরে খেলা শুরু হলে ২-১ গোলে জয় পায় বেসিকতাস।

প্রতিবেদনে বলা হয়, ম্যাচের ২৬তম মিনিটে গ্যালারিতে সংঘর্ষ শুরু হলে খেলা বন্ধ করে দেন ডেনিশ রেফারি মর্টেন ক্রগ। তখন দুই দলই ছিল গোল শূন্য।

তুরস্কের সংবাদমাধ্যমগুলোর দাবি, বেসিকতাস সমর্থকরা ফিলিস্তিনের পতাকা ওড়ানোর পর জর্জিয়ার পুলিশ গ্যালারিতে প্রবেশ করে এবং তাদের লক্ষ্য করে পেপার স্প্রে ব্যবহার করে।

এ ঘটনায় জর্জিয়ার পুলিশের বিরুদ্ধে সমর্থকদের ওপর অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ তুলেছে বেসিকতাস। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, সমর্থকদের ওপর নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের ঘটনায় তারা তীব্র নিন্দা জানাচ্ছে। একই সাথে ঘটনায় ক্ষতিগ্রস্ত সমর্থকদের দ্রুত সুস্থতা কামনা করেছে ক্লাবটি।

তুরস্কের ফুটবল ফেডারেশনও বেসিকতাস সমর্থকদের সাথে পুলিশের আচরণের নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে ফেডারেশন জানায়, সমর্থকদের সাথে অগ্রহণযোগ্য আচরণ ও বৈষম্য করা হয়েছে। এ ঘটনায় তদন্তের দাবি জানানো হবে বলেও জানায় তারা। 

তুরস্কের আরো কয়েকটি ক্লাবও এ ঘটনায় নিন্দা জানিয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ম্যাচ শুরুর আগে হাপোয়েল বিয়ার শেভার খেলোয়াড়দের সাথে হাত মেলাতে অস্বীকৃতি জানায় বেসিকতাসের খেলোয়াড়রা। ম্যাচ শেষে বেসিকতাসের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, ফিলিস্তিনের পক্ষে ব্যানার হাতে সমর্থকদের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন ক্লাবটির খেলোয়াড়রা। ব্যানারে লেখা ছিল, ‘দখলদারত্বের বিরুদ্ধে জেগে ওঠো, ফিলিস্তিনের স্বাধীনতা চাই।’

সূত্র : আল জাজিরা