জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেস্ক ক্যালেন্ডারে খালেদা জিয়ার ছবিতে ফজিলাতুন্নেছা মুজিবের নাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেস্ক ক্যালেন্ডারে খালেদা জিয়ার ছবিতে ফজিলাতুন্নেছা মুজিবের নাম। সংগৃহীত
ads

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবির নিচে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব’ লেখা হয়েছে।

একইসাথে খালেদা জিয়ার কবর জিয়ারতের ব্যানারে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালি জাতির জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা’ উল্লেখ করায় বিশ্ববিদ্যালয়জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তোপের মুখে বিতরণকৃত ক্যালেন্ডারগুলো প্রত্যাহারের পাশাপাশি জনসংযোগ দফতরের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

আরো পড়ুন : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়ার ছবিতে ফজিলাতুন্নেছা মুজিবের নাম

রোববার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের সেকশন অফিসার মো: মহিউদ্দিন মাহী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দায়িত্বে অবহেলার কারণে জনসংযোগ দফতরের উপপরিচালক (ফটোগ্রাফার) মো: রাশেদুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়ার নিয়োগ প্রত্যাহার করা হয়েছে।

এছাড়া জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনিম সিরাজ, উপপরিচালক আতিকুর রহমান হেলাল ও উপপরিচালক মো: কামরুল হাসানকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রেজিস্ট্রার দফতরে সংযুক্ত করা হয়েছে।

একইসাথে ক্যালেন্ডারটির সব ধরনের উৎপাদন ও মুদ্রণ কার্যক্রম অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। কিভাবে এবং কার অবহেলায় এই অনাকাঙ্ক্ষিত ভুলটি সঙ্ঘটিত হয়েছে, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার (২৮ নভেম্বর) রাজধানীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলন অনুষ্ঠানে আগত দেশের বিভিন্ন কলেজের দুই হাজার ৩১৮ জন অধ্যক্ষের হাতে উপহারসামগ্রীর সাথে একটি ডেস্ক ক্যালেন্ডার তুলে দেয়া হয়। 

ক্যালেন্ডারে সংযুক্ত কবর জিয়ারতের ব্যানারের বাম পাশে বেগম খালেদা জিয়ার ছবি ব্যবহার করা হলেও নিচে লেখা হয় ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব’। অন্যদিকে ব্যানারের উপরের অংশে লেখা রয়েছে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালি জাতির জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা’।

বিতর্কিত এই পরিচয় সংযোজনের বিষয়টি সামনে আসার পর বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদবিরোধী কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাদের অভিযোগ, প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামীপন্থী ও ফ্যাসিবাদের দোসররা এখনো গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন এবং তাদের মাধ্যমেই এমন বিতর্কিত কর্মকাণ্ড ঘটছে।

পরিস্থিতি সামাল দিতে আজ রোববার আঞ্চলিক সমন্বয় দফতরের পরিচালক আমিনুল আক্তারের তত্ত্বাবধানে সারাদেশে লোক পাঠিয়ে বিতরণ করা ক্যালেন্ডারগুলো ফেরত নেয়া হচ্ছে।

এর আগে জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ জানিয়েছিলেন, ক্যালেন্ডারটি ধানমন্ডি দফতর থেকে তৈরি করে গাজীপুরে পাঠানো হয়েছিল এবং প্রেসে ছাপানোর আগে তাদের চূড়ান্ত কপি দেখানো হয়নি। ধানমন্ডি দফতরে গৌতম বড়ুয়াসহ আরো কয়েকজন এ কাজের সাথে যুক্ত ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, জনসংযোগ দফতরে পরিচালকসহ প্রায় ১২ জন জনবল থাকার পরও প্রায় এক বছর আগে গৌতম বড়ুয়াকে ‘কমিউনিকেশন এক্সপার্ট’ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। তার মাসিক বেতন ছিল এক লাখ ২০ হাজার টাকা। এ নিয়োগ নিয়ে শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ও অসন্তোষ ছিল।

আন্দোলনরত পুনর্বহাল ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবি, গৌতম বড়ুয়াসহ ২০২৫ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৩০০ জনকে অবৈধভাবে নিয়োগ দেয়া হয়েছে। প্রশাসনে থাকা আওয়ামীপন্থীরা দলীয় পরিচয় ও আত্মীয়তার ভিত্তিতে এসব নিয়োগ দিয়েছেন বলে তাদের অভিযোগ।

ক্যালেন্ডার কেলেঙ্কারির পাশাপাশি এসব বিতর্কিত নিয়োগের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত গৌতম বড়ুয়া বলেছিলেন, ‘আমি গতকাল থেকে অসুস্থ। বিষয়টি এখনো আমার নজরে পড়েনি, দেখে বলতে পারব।’