
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর বলেছেন, ‘আমাদের সবার মাতৃভূমি বাংলাদেশ। এখানে যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে এবং সরকার আপনাদের সব ধরনের সহযোগিতা করবে। নিজেদেরকে সংখ্যালঘু বলে ভাববেন না।
এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা সবাই বাংলাদেশী। এখানে ‘সংখ্যালঘু’ বলতে কোনো শব্দ নেই।’ গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুরের কাউখালীর শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের পাঁচ দিনব্যাপী ১৩৫তম শুভ আবির্ভাব উৎসবের সমাপনী মহোৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে আশ্রম কর্তৃপ মন্দিরের বিভিন্ন সমস্যা ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়টি তুলে ধরে কাউখালীতে একটি ‘মডেল মন্দির’ নির্মাণের দাবি জানান।
প্রতিমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, ‘দেশটা আমাদের সবার এবং সবাইকে মিলেমিশে একে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে।’ সমাপনী মহোৎসবে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কাউখালী ইউএনও রেহেনা আক্তার, কাউখালী থানার ওসি মো: আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীরসহ অন্যরা। আশ্রমের নির্বাহী সভাপতি পরিমল কর্মকার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মণ্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









