
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেস্ক ক্যালেন্ডারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবির নিচে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব’ লেখা হয়েছে।
একইসাথে খালেদা জিয়ার কবর জিয়ারতের ব্যানারে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালি জাতির জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা’ লেখা হয়েছে। যা নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শনিবার রাজধানীতে অধ্যক্ষ সম্মিলন অনুষ্ঠানে উপহারসামগ্রীর সাথে দুই হাজার ৩১৮ জন অধ্যক্ষের হাতে ক্যালেন্ডারটি তুলে দেয়া হয়। তোপের মুখে আজ রোববার তা প্রত্যাহারের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদবিরোধী কর্মকর্তা-কর্মচারীরা এ ঘটনাকে চরম দায়িত্বহীনতা ও বিতর্কিত রাজনৈতিক পরিচয় প্রতিষ্ঠার অপচেষ্টা বলে অভিহিত করেছেন। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামীপন্থী ও ফ্যাসিবাদের দোসররা এখনো গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন। মূলত তাদের মাধ্যমেই এমন বিতর্কিত কর্মকাণ্ড ঘটছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলন অনুষ্ঠানে দেশের বিভিন্ন কলেজের দুই হাজার ৩১৮ জন অধ্যক্ষ অংশ নেন। অনুষ্ঠানে উপহারসামগ্রীর সাথে তাদের হাতে ডেস্ক ক্যালেন্ডার তুলে দেয়া হয়।
ক্যালেন্ডারে সংযুক্ত কবর জিয়ারতের ব্যানারের বাম পাশে বেগম খালেদা জিয়ার ছবি ব্যবহার করা হলেও নিচে লেখা হয়েছে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব’। অন্যদিকে ব্যানারের উপরের অংশে লেখা রয়েছে— ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালি জাতির জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা’।
বিতর্কিত ও অসঙ্গতিপূর্ণ এই পরিচয় সংযোজনের বিষয়টি সামনে আসার পর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে রোববার আঞ্চলিক সমন্বয় দফতরের পরিচালক আমিনুল আক্তারের তত্ত্বাবধানে সারাদেশে লোক পাঠিয়ে বিতরণ করা ক্যালেন্ডারগুলো ফেরত নেয়া হচ্ছে বলে জানা গেছে।
আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালে বর্তমান ভিসিই গৌতম বড়ুয়াকে ‘কমিউনিকেশন এক্সপার্ট’ পদে নিয়োগ দেন।
তাদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসনে এখনো আওয়ামী লীগ ঘনিষ্ঠদের প্রভাব রয়েছে। তাদের উচ্চ পর্যায়ের সিন্ডিকেটের মাধ্যমে ভিসি পরিচালিত হন এবং ওই সিন্ডিকেটের চাপেই গৌতম বড়ুয়াকে নিয়োগ দিতে তিনি বাধ্য হন।
গৌতম বড়ুয়াকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ও দলটির অনুসারী দাবি করে আন্দোলনকারীরা বলেন, প্রশাসনে প্রভাবশালী ওই মহলের ভূমিকার কারণেই ফ্যাসিবাদবিরোধী পুনর্বহাল কর্মকর্তা-কর্মচারীরা এখনো অধিকার থেকে বঞ্চিত।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ বলেন, ‘ক্যালেন্ডারটি ধানমন্ডি দফতর থেকে তৈরি করে আমাদের কাছে পাঠানো হয়েছে। প্রেসে দেয়ার আগে আমাদের ফাইনাল কপি দেখানো হয়নি। গৌতম বড়ুয়াসহ ওই দফতরে এ কাজে আরো কয়েকজন ছিলেন।’
খোঁজ নিয়ে জানা গেছে, জনসংযোগ দফতরে পরিচালকসহ প্রায় ১২ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। এর মধ্যেই প্রায় এক বছর আগে গৌতম বড়ুয়াকে ‘কমিউনিকেশন এক্সপার্ট’ নামে নবসৃষ্ট পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। তার মাসিক বেতন এক লাখ ২০ হাজার টাকা বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ নিয়োগ নিয়েও শুরু থেকে বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ও অসন্তোষ ছিল।
আন্দোলনরত পুনর্বহাল ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ, গৌতম বড়ুয়াসহ ২০২৫ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৩০০ জনকে অবৈধভাবে নিয়োগ দেয়া হয়েছে।
তাদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসনে থাকা আওয়ামীপন্থীরা দলীয় পরিচয় ও আত্মীয়তার বিবেচনায় এসব নিয়োগ দিয়েছেন। গৌতম বড়ুয়ার নিয়োগও অবৈধ বলে দাবি করছেন তারা।
ক্যালেন্ডার বিতরণ ও প্রত্যাহারের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন করে অসন্তোষ দেখা দিয়েছে। বিতর্কিত নিয়োগ ও প্রশাসনিক কর্মকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে গৌতম বড়ুয়া বলেন, ‘আমি গতকাল থেকে অসুস্থ। বিষয়টি এখনো আমার নজরে পড়েনি, দেখে বলতে পারব।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









