
হ্যাকাররা মার্কিন বিমান বাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ অনুপ্রবেশ করেছে বলে তিনটি সূত্র জানিয়েছে। এই সাইবার হামলার ফলে গুরুত্বপূর্ণ কৌশলগত, কর্মীসংক্রান্ত এবং সরবরাহ-ব্যবস্থাপনার তথ্য ঝুঁকির মুখে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।
দুটি সূত্রের তথ্য অনুযায়ী, সিস্টেম আপগ্রেড চলাকালীন গত এক মাসের মধ্যে অনুপ্রবেশের বিষয়টি ধরা পড়ে এবং এতে পুরো প্ল্যাটফর্মজুড়ে বিঘ্ন দেখা দেয়। তবে হ্যাকারদের পরিচয়, হামলার পূর্ণ মাত্রা কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না—তা নিশ্চিত হওয়া যায়নি।
বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা ‘নির্দিষ্ট নেটওয়ার্ক এবং সিস্টেমের নিরাপত্তা অবস্থান, দুর্বলতা বা পরিচালনগত অবস্থা নিয়ে কোনো মন্তব্য করে না। ডিপার্টমেন্ট (অব দ্য এয়ার ফোর্স)-এর তথ্য, সিস্টেম এবং মিশন সক্ষমতা সুরক্ষিত রাখতে আমরা ক্রমাগত বিচক্ষণ পদক্ষেপ নিচ্ছি।’
একক সমাধান কেন্দ্র হিসেবে যাত্রা
২০১৭ সালে চালু হওয়া ‘ক্লাউড ওয়ান’-কে বিমান বাহিনীর তথ্যপ্রযুক্তিগত প্রয়োজনের একক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছিল। এটি মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল এবং অ্যালফাবেট—এই চার প্রতিষ্ঠানের সম্পদ কাজে লাগিয়ে বহু অ্যাপ্লিকেশন সচল রাখে। এর মধ্যে কর্মীদের তথ্য ও বেতন ব্যবস্থাপনা এবং লজিস্টিক ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ সেবা রয়েছে।
এ প্ল্যাটফর্মের আওতায় রয়েছে উত্তর আমেরিকার আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য ডেটা ফিড যুক্ত করা ‘ক্লাউড-বেসড কমান্ড অ্যান্ড কন্ট্রোল’। পাশাপাশি বিশ্বজুড়ে মার্কিন বিমান বাহিনীর ২০০টিরও বেশি স্থানে বোমা ও ক্ষেপণাস্ত্রের অবস্থান পর্যবেক্ষণকারী ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’ও এর সঙ্গে যুক্ত।
২০২৫ সাল পর্যন্ত ‘ক্লাউড ওয়ান’-এর প্রধান ঠিকাদার ছিল এসএআইসি, যার পর দায়িত্ব নেয় লিডোস। এ বিষয়ে এসএআইসি কোনো মন্তব্য করেনি এবং লিডোস প্রশ্নগুলো বিমান বাহিনীর দিকে পাঠিয়েছে।
দুটি সূত্র জানায়, এটি মার্কিন সামরিক বাহিনীর অন্যতম বৃহৎ ক্লাউড ব্যবস্থা। একটি সূত্র বলেছে, ‘এখানে অনুপ্রবেশ একটি বড় বিষয়।’
ওই সূত্র আরো জানায়, ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করতে মার্কিন সামরিক বাহিনীর সাইবার ফোর্স ‘সাইবার কমান্ড’-কে ডাকা হয়েছে। তবে সাইবার কমান্ড এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
কার্যক্রমে নানা বিঘ্ন
হ্যাকিংয়ের ঘটনা প্রকাশ্যে আসার পর বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে। দুটি সূত্র এবং চতুর্থ এক ব্যক্তি জানান, ব্যাক-অফিস অ্যাপ্লিকেশনগুলো ‘ক্লাউড ওয়ান’-এ নেওয়ার দীর্ঘদিনের অগ্রাধিকারমূলক কাজ স্থগিত করা হয়েছে।
চলমান অ্যাপ্লিকেশনগুলোর আপডেটও বন্ধ রাখা হয়েছে। ফলে প্রযুক্তি খাতে গুরুতর সফটওয়্যার দুর্বলতার নতুন তালিকা প্রকাশের সময়েও বিমান বাহিনীর কর্মীরা প্রয়োজনীয় সমাধান দিতে পারছেন না।
পঞ্চম একটি সূত্র জানিয়েছে, কিছু ব্যবহারকারীর অ্যাডমিনিস্ট্রেটর অধিকার বাতিল করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে পাঁচটি সূত্রই এসব তথ্য জানিয়েছে।
একটি সূত্রের ভাষ্যমতে, হ্যাকাররা ‘কন্ট্রোল প্লেন’-এ পৌঁছাতে একটি সফটওয়্যার দুর্বলতা কাজে লাগিয়েছে। ওই সূত্র কন্ট্রোল প্লেনকে ‘ইউনিভার্সাল রিমোট’-এর সাথে তুলনা করে জানায়, তাত্ত্বিকভাবে এ অ্যাক্সেস ব্যবহার করে সামরিক বিমানের পরিচালনগত অবস্থা বা যন্ত্রাংশের চলাচল যাচাই করা সম্ভব—যদিও এই ঘটনায় তেমন কিছু ঘটেছে কি না তা স্পষ্ট নয়। ঠিক কোন দুর্বলতার সুযোগ নেয়া হয়েছে, তা জানা যায়নি।
ধারাবাহিক সাইবার উদ্বেগ
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে দ্রুত দুর্বলতা খোঁজার সক্ষমতা বাড়ায় ক্লাউড নেটওয়ার্কের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তীব্র হয়েছে; এমন প্রেক্ষাপটেই এই অনুপ্রবেশের খবর এল।
সাম্প্রতিক সময়ে প্রকাশিত আরও অন্তত ছয়টি সাইবার ঘটনার প্রভাব সামলাচ্ছে মার্কিন সরকার। এর মধ্যে এফবিআই-এর দুটি ঘটনা, পেন্টাগনের ডেটায় আগের একটি হ্যাক, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির কর্মীদের তথ্য ফাঁস, অন্তত দুটি গোয়েন্দা সংস্থাকে প্রভাবিত করা অনুপ্রবেশ এবং ট্রেজারি ডিপার্টমেন্টে হ্যাকিংয়ের ঘটনা অন্তর্ভুক্ত।
‘ক্লাউড ওয়ান’ বরাবরই হ্যাকারদের লক্ষ্যে ছিল। ২০২৩ সালে ফেডস্কুপ-এ প্রকাশিত এক নিবন্ধে প্ল্যাটফর্মটির নেতৃত্ব অনুপ্রবেশের ‘বিস্ময়কর’ সংখ্যক চেষ্টা ঠেকানোর ক্ষেত্রে তথাকথিত ‘১০০% সাফল্যের হার’-এর কথা তুলে ধরেছিলেন। সে সময় ‘ক্লাউড ওয়ান’-এর নেতৃত্ব লিখেছিলেন, ‘নিরাপত্তার প্রশ্নে কোনো ভুলের সুযোগ নেই।’
সূত্র : রয়টার্স
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









