
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, সিলেট অঞ্চল দায়িত্বশীল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘কাঙ্ক্ষিত কল্যাণ রাষ্ট্র গঠনে জামায়াত কাজ করছে। রাষ্ট্র নিয়ে জনগণের প্রত্যাশা অনেক। তারা চায় জামায়াত তাদের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করুক। কারণ গণমানুষের প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামীর বিকল্প নেই।’
শুক্রবার (৬ নভেম্বর) সকালে সিলেট জেলা জামায়াতের নবনির্বাচিত আমিরের শপথগ্রহণ ও মজলিসে শূরার ভোটগ্রহণ উপলক্ষে আয়োজিত সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
সম্মেলনে তিনি সিলেট জেলার নবনির্বাচিত আমির মাওলানা হাবিবুর রহমানকে শপথ পাঠ করান এবং জেলা মজলিসে শূরার নতুন সেশনের ভোটগ্রহণ করেন।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে হামিদুর রহমান আযাদ বলেন, ‘আমরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দেশ এবং জনগণের কল্যাণে রাজনীতি করি। তাই আমাদের কথা, কাজ, আচরণ ও কমিটমেন্ট হতে হবে অনুসরণীয়। দেশবাসী আমাদের কাছে যা প্রত্যাশা করে তার আলোকে আমাদের ব্যক্তিগত এবং সাংগঠনিক মান বজায় রাখতে হবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দেশপ্রেমিক, সৎ, যোগ্য নেতৃত্বকে জনসেবার সুযোগ তৈরি করে দিতে হবে।’
তিনি বলেন, ‘বর্তমানে যারা দেশ পরিচালনা করছেন উনারা এত কম সময়ে জনগণের বিরক্তি এবং ঘৃণা অর্জন করছেন যা বিস্ময়কর। তারা জুলাই বিপ্লবের রক্তের সাথে বেইমানি করছেন এবং মানুষের আবেগের অবমূল্যায়ন করেছেন। মানুষকে বোকা বানানোর দিন শেষ। নিজেদের অদক্ষতা, অযোগ্যতা দিয়ে দেশবাসীকে বিপদে ফেলবেন আর জনগণ তা চোখ বুজে সহ্য করবে সেই দিন এখন আর নেই।’
তিনি দেশ এবং ইসলামের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নগরীর মালঞ্চ কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি জয়নাল আবেদীনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মো: ফখরুল ইসলাম, সিলেট অঞ্চলের সাবেক পরিচালক অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান, সিলেট অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা নায়েবে আমির অধ্যক্ষ আব্দুল হান্নান, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য মেয়র প্রার্থী ড. নুরুল ইসলাম বাবুল।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম ও মাওলানা মাশুক আহমদ, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা ফয়জুল্লাহ বাহার, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াতনেতা মাওলানা লোকমান আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা জামায়াতনেতা সাইফুল্লাহ আল হোসাইন প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








