চীন-কম্বোডিয়া যৌথ সামরিক মহড়া, গোল্ডেন ড্রাগন-২০২৬, চীন-কম্বোডিয়া সামরিক সম্পর্ক, কম্বোডিয়ার রিয়াম বন্দর, সন্ত্রাসবিরোধী অভিযান, জলদস্যুবিরোধী অভিযান, যৌথ সামুদ্রিক উদ্ধার, মানবিক ত্রাণ কার্যক্রম
চীন ও কম্বোডিয়ার যৌথ সামরিক মহড়া। সংগৃহীত
ads

‘শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যৌথ সামরিক মহড়া শুরু করেছে চীন ও কম্বোডিয়া।

বুধবার (২৫ নভেম্বর) কম্বোডিয়ার রিয়াম বন্দরে অবস্থিত ‘কম্বোডিয়া-চীন যৌথ সহায়তা ও প্রশিক্ষণ কেন্দ্রে’ এ মহড়া শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে দুই দেশের অংশগ্রহণকারী সামরিক কর্মকর্তা ও সেনারা উপস্থিত ছিলেন। এছাড়া কম্বোডিয়ায় নিযুক্ত বিভিন্ন দেশের সামরিক অ্যাটাশেরাও অনুষ্ঠানে অংশ নেন।

চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী, ‘গোল্ডেন ড্রাগন-২০২৬’ নামের এ যৌথ মহড়া আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। এতে মূলত যৌথ সন্ত্রাসবিরোধী ও জলদস্যুবিরোধী অভিযান এবং মানবিক ত্রাণ কার্যক্রমের ওপর গুরুত্ব দেয়া হবে।

মহড়াটি সমুদ্র-আকাশ এবং স্থল-আকাশ—এই দুই ধারায় পরিচালিত হচ্ছে। তিনটি পর্যায়ে এটি সম্পন্ন হবে।

পর্যায়গুলো হলো—অভিযোজনমূলক প্রশিক্ষণ, সামরিক নেতৃত্ব ও কৌশলগত মহড়া এবং সরাসরি সেনাদের অংশগ্রহণে পূর্ণাঙ্গ মহড়া।

মহড়ায় আক্রমণ ও উদ্ধার অভিযান, চিকিৎসাসেবা ও আহতদের স্থানান্তর, যৌথ সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম এবং জাহাজে প্রবেশ করে তল্লাশি ও জব্দ করার মতো অভিযান অন্তর্ভুক্ত রয়েছে।

সিহানুক আন্তর্জাতিক বিমানবন্দর, রিয়াম বন্দর এবং সম্মিলিত সামরিক কর্মকর্তা প্রশিক্ষণ ইনস্টিটিউটে এসব মহড়া হবে।

চীন ও কম্বোডিয়ার মধ্যে ‘গোল্ডেন ড্রাগন’ সিরিজের যৌথ সামরিক মহড়া এর আগে সাতবার অনুষ্ঠিত হয়েছে।

চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এবারের মহড়া কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে আয়োজন করা হয়নি। এছাড়া এর সাথে আঞ্চলিক পরিস্থিতি বা কোনো সংবেদনশীল বিষয়েরও সম্পর্ক নেই।