
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা ও নাশকতার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহ নগর পুলিশের মো: সেলিম মিয়া নামে এক ওসিকে পুলিশ লাইন্সে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। একই সাথে তার ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি এটিকে স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া উল্লেখ করে অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
প্রত্যাহার হওয়া ওসি সেলিম ময়মনসিংহ নগরীর ২ নম্বর পুলিশ ফাঁড়িতে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। পুলিশের অভ্যন্তরীণ গোয়েন্দা প্রতিবেদনে গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর এ পদক্ষেপ নেয়া হয়। একই সাথে তার ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত মোবাইল ফোন দুটি জব্দ করা হয়েছে।
পুলিশের একটি ঊর্ধ্বতন সূত্র জানায়, গোয়েন্দা প্রতিবেদনে ওঠে আসা অভিযোগের ভিত্তিতে সেলিম মিয়াকে দায়িত্ব থেকে সরিয়ে অনুসন্ধান শুরু হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এর আগে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার মো: আবুল হাসানকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত সোমবার রাত ৮টার দিকে ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানায় করা একটি মামলায় তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
উল্লেখ্য, গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধারাবাহিক সহিংসতায় তিন সংসদ সদস্যের বাড়িসহ প্রায় ১০০টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেয়া হয় দুটি থানা। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ থেকে রেহাই পায়নি যানবাহন, সরকারি প্রতিষ্ঠান এমনকি হাসপাতালও। জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী, এসব ঘটনায় কয়েকশ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









