সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
সড়ক দুর্ঘটনায় শিশু নিহত। প্রতীকী ছবি

নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের নিচে চাপা পড়ে সওদা মনি (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের অমরগাঁও নামাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু সওদা মনি অমরগাঁও নামাপাড়া গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশু সওদা মনি সড়কের এক পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় দুই দিক থেকে আসা বেপরোয়া গতির দু’টি ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ইজিবাইক উল্টে শিশুটির উপর পড়ে। পরে ইজিবাইকের নিচ থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।