ঘরে ফেরার আকুতি নিয়ে দাঁড়িয়ে রোহিঙ্গা শিশুরা
ঘরে ফেরার আকুতি নিয়ে দাঁড়িয়ে রোহিঙ্গা শিশুরা। সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর দায়ে দেশটির বিরুদ্ধে রায় দিয়েছে হেগের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এ রায় রোহিঙ্গাদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নেয়ার পথ কতটা সুগম করবে, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

রায় ঘোষণার পরপরই বাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন আশ্রয়শিবিরে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীরা উল্লাস প্রকাশ করেন। রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকারও। সংশ্লিষ্টদের ধারণা, এর মধ্য দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশের অবস্থান আরো শক্তিশালী হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, এ রায়ের ভিত্তিতে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক মহল আরো চাপ সৃষ্টি করবে।

তবে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং গণহত্যার সাথে জড়িত ব্যক্তিদের বিচারের ক্ষেত্রে এ রায় কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে, তা নিয়ে নানা আলোচনা চলছে।

বিশ্লেষকদের মতে, রায় কার্যকর করার ক্ষেত্রে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক রাজনৈতিক চাপের ওপর নির্ভর করতে হয় আন্তর্জাতিক বিচার আদালতকে। ফলে রোহিঙ্গাদের জন্য এ রায়কে অনেকে প্রতীকী হিসেবেও দেখছেন।

যদিও গাম্বিয়ার মানবাধিকার আইনজীবী ফিলিপ স্যান্ডস কেসি রায়টিকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন। তার মতে, এই রায় রোহিঙ্গাদের নিজ ঘরে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করতে মিয়ানমারকে দুই বছর সময় দিয়েছে। তবে এই সময়ের মধ্যে প্রত্যাবাসন সম্ভব না হলে রোহিঙ্গাদের কী পরিমাণ ক্ষতিপূরণ প্রাপ্য, তা মূল্যায়ন করবে আদালত।

Rohingga1

এদিকে, আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর মিয়ানমার সেনাবাহিনীর ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের বিভিন্ন দলের রাজনীতিবিদেরা।

জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেছেন, এ রায়ের মধ্য দিয়ে মিয়ানমারের দায়বদ্ধতা স্পষ্ট হয়েছে।

উল্লেখ্য, এর আগে কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেনি আন্তর্জাতিক বিচার আদালত।

রায়ে যা বলা হয়েছে

২০১৯ সালের নভেম্বরে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া জাতিসঙ্ঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে। মামলার পরের বছর, অর্থাৎ ২০২০ সালের জানুয়ারিতে আদালত একটি অন্তর্বর্তী আদেশ দেন। সেই আদেশের প্রায় ছয় বছর পর চূড়ান্ত রায় ঘোষণা করল আদালত।

রায়ের শুরুতে মামলার প্রেক্ষাপট এবং রায় প্রদানের প্রক্রিয়া তুলে ধরেন আন্তর্জাতিক বিচার আদালতের বিচারক ইওয়াসাওয়া ইউজি।

বিচারক বলেন, ২০১৭ সালের আগস্ট মাসের শেষ সপ্তাহে সহিংসতার শিকার হওয়া ব্যক্তিদের সাক্ষ্য শুনেছে আদালত। গাম্বিয়ার সাক্ষীদের দেয়া নির্দিষ্ট ঘটনাগুলোর বিবরণ আদালতের কাছে বিশ্বাসযোগ্য বলে প্রতীয়মান হয়েছে।

Untitled-25

এ সময় সাক্ষ্যপ্রমাণ মূল্যায়ন ও তদন্তের ক্ষেত্রে মিয়ানমারের ব্যর্থতা এবং অসহযোগিতার বিষয়টিও তুলে ধরেন বিচারক।

আন্তর্জাতিক বিচার আদালত অনুসন্ধানে পেয়েছে, রোহিঙ্গারা প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করে আসছেন।

বিচারক বলেন, বৈষম্যমূলক আইন ও বিধিনিষেধের মাধ্যমে ক্রমাগত রোহিঙ্গাদের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে এবং তাদের প্রান্তিক ও বিশেষভাবে অরক্ষিত জনগোষ্ঠীতে পরিণত করা হয়েছে। অন্যদিকে, সামরিক বাহিনী-সমর্থিত বিদ্বেষমূলক বক্তব্য তাদের বিরুদ্ধে শত্রুতা উসকে দিয়েছে।

বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালত প্রতিষ্ঠিত করেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নির্দিষ্ট কিছু এলাকায় নির্বিচার হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন দেয়ার মতো কর্মকাণ্ডে জড়িত ছিল।

এছাড়া মিয়ানমারের নিরাপত্তা বাহিনী শিশুদের ওপরও চরম সহিংসতা চালিয়েছে বলে উল্লেখ করেন বিচারক। এমনকি রোহিঙ্গারা যখন বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, তখনো তাদের ওপর হামলা চালানো হয়।

বিচারপতি ইউজি বলেন, ২০১৭ সালে মিয়ানমারের সেনা অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল বলেও প্রমাণ পেয়েছে আদালত।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে আন্তর্জাতিক বিচার আদালত। কয়েক দশক ধরে মিয়ানমারে তাদের প্রতি বৈষম্য করা হয়েছে, সে বিষয়েও আদালতের কাছে প্রমাণ রয়েছে।

আন্তর্জাতিক বিচার আদালতের দেয়া তথ্য অনুযায়ী, ২০১৭ সালের সামরিক অভিযানের আগে উত্তর রাখাইন রাজ্যে বসবাসকারী প্রায় আট লাখ ১৫ হাজার রোহিঙ্গাকে লক্ষ্যবস্তু করেছিল মিয়ানমার।

রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের আরোপিত বিধিনিষেধ কীভাবে তাদের জন্মহারকে প্রভাবিত করেছে, সে বিষয়টিও রায়ে উল্লেখ করেন বিচারক ইওয়াসাওয়া।

তিনি বলেন, মিয়ানমার এমন একটি আঞ্চলিক আদেশ জারি করেছিল, যেখানে ‘বাঙালি’ হিসেবে পরিচিত ব্যক্তিদের জন্য বিশেষ বিবাহের অনুমতির শর্ত ছিল। পাশাপাশি বিবাহিত দম্পতিদের সন্তানসংখ্যা দু’টিতে সীমাবদ্ধ করা হয়েছিল।

যদিও এসব নীতি রোহিঙ্গাদের জন্মহার নিয়ন্ত্রণে সফল হয়নি, তবে মিয়ানমার স্বীকার করেছে, এসব পদক্ষেপের উদ্দেশ্য ছিল এই জনগোষ্ঠীর জন্মহার কমানো।

আদালত দেখতে পেয়েছে, ২০১৭ সালের অভিযানের সময় মিয়ানমারের সামরিক বাহিনী পরিকল্পিতভাবে বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করেছিল। রোহিঙ্গাবিরোধী প্রচারণা এবং তাদের ওপর পরিচালিত উচ্ছেদ অভিযানের মধ্যে মিল খুঁজে পেয়েছে আদালত।

আদালতের ভাষ্য অনুযায়ী, এসব বিদ্বেষমূলক বক্তব্য রোহিঙ্গা জনগোষ্ঠীকে নির্মূলের লক্ষ্যবস্তুতে পরিণত করার অনুকূল পরিবেশ তৈরিতে ভূমিকা রেখেছে।

গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সনদের তৃতীয় অনুচ্ছেদের অধীনে অপরাধী কমান্ডারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের তদন্ত, বিচার ও শাস্তি দিতে মিয়ানমার ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেছে আন্তর্জাতিক বিচার আদালত।

বিচারপতি ইউজি বলেন, মিয়ানমার তার কর্মকাণ্ডের জন্য ক্ষতিপূরণ দিতে বাধ্য। তবে রায়ে ক্ষতিপূরণের নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করা হয়নি।

এ রায়ের দুই বছরের মধ্যে মিয়ানমারকে ক্ষতিপূরণ প্রদানের পদ্ধতি গ্রহণের বিষয়ে একটি প্রতিবেদন তৈরির নির্দেশনা দিয়েছেন আদালত।

এছাড়া গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সনদ অনুযায়ী এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় আশ্বাস ও নিশ্চয়তা দিতে মিয়ানমারকে নির্দেশ দেয়া হয়েছে।

রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রাপ্য ক্ষতিপূরণ এবং অন্যান্য প্রতিকারের পরিমাণ ও পদ্ধতি আন্তর্জাতিক বিচার আদালতের মাধ্যমেই নিষ্পত্তি করা হবে বলেও জানানো হয়েছে।

অবশ্য গাম্বিয়ার দাবি, শাস্তিযোগ্য অপরাধের শিকার সব রোহিঙ্গা ভুক্তভোগীকে পূর্ণ ক্ষতিপূরণ দিতে মিয়ানমার বাধ্য।

গাম্বিয়া কেন মামলা করেছিল?

গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সনদের স্বাক্ষরকারী দেশ হিসেবে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।

এই সনদ অনুযায়ী, যেকোনো সদস্যরাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করতে পারে। এ ক্ষেত্রে মামলাকারী রাষ্ট্র নিজে সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও মামলা করার অধিকার রাখে।

গাম্বিয়ার অভিযোগে বলা হয়, মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে এবং এখনো তাদের ওপর নিপীড়ন অব্যাহত রেখেছে।

২০২০ সালের জানুয়ারিতে মামলাটির বিষয়ে অন্তর্বর্তী আদেশ দেন আন্তর্জাতিক বিচার আদালত। ওই আদেশে রোহিঙ্গাদের বিরুদ্ধে নিপীড়নমূলক সব কর্মকাণ্ড বন্ধ করতে মিয়ানমারকে নির্দেশ দেয়া হয়।

তবে বাস্তবে মিয়ানমার আদালতের সেই আদেশ কতটা মেনেছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ২০২১ সালে দেশটিতে সামরিক অভ্যুত্থানের পর পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এতে গাম্বিয়া ও মিয়ানমার উভয় পক্ষই নিজেদের যুক্তি তুলে ধরে।

মিয়ানমার দাবি করে, ওই সময় সেনা অভিযান পরিচালনা করা হয়েছিল মূলত সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে। এর পেছনে গণহত্যার কোনো উদ্দেশ্য ছিল না।

অন্যদিকে, গাম্বিয়ার পক্ষ থেকে বলা হয়, রোহিঙ্গাদের গ্রাম জ্বালিয়ে দেয়া, ধর্ষণ ও শিশু হত্যার মতো ঘটনাগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা ছিল না; বরং এগুলো ছিল রাষ্ট্রীয় পরিকল্পনার অংশ।

এখন রোহিঙ্গাদের অবস্থা কী?

২০১৭ সালের ২৫ আগস্ট আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) নামের একটি সশস্ত্র গোষ্ঠী রাখাইনের প্রায় ৩০টি পুলিশ ফাঁড়ি ও একটি সেনাঘাঁটিতে হামলা চালায়। এর জবাবে অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী।

এরপর মাত্র কয়েক মাসের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। কেউ হেঁটে, কেউবা নৌকায় নাফ নদী পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় গড়ে ওঠে বিশ্বের বৃহত্তম শরণার্থী আশ্রয়শিবির।

বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা ১২ লাখের বেশি।

সাম্প্রতিক বছরগুলোতে রোহিঙ্গা আশ্রয়শিবিরের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ রয়েছে। আরসাসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতিতে মাদক পাচার, অপহরণ ও হত্যার ঘটনা বেড়েছে বলে দাবি করা হচ্ছে।

২০২৪ ও ২০২৫ সালে রাখাইনে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে সঙ্ঘাত তীব্র হওয়ার পর নতুন করে আরো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছেন।

প্রত্যাবাসন আলোচনা কতদূর?

রোহিঙ্গা সঙ্কট শুরুর সময় সীমান্ত খুলে দিয়ে আন্তর্জাতিক পরিসরে প্রশংসা পেয়েছিল বাংলাদেশ। তবে প্রায় এক দশক পার হলেও সেই অস্থায়ী আশ্রয় এখন বাংলাদেশের জন্য দীর্ঘস্থায়ী সঙ্কটে পরিণত হয়েছে।

বাংলাদেশ বরাবরই রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কথা বলে আসছে। ২০১৭ সালের পর বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দুই দফায় প্রত্যাবাসন চুক্তি হলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব হয়নি।

মিয়ানমারও যাচাই-বাছাইয়ের মাধ্যমে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার কথা বলে আসছে। তবে যাচাই প্রক্রিয়ায় নানা জটিলতা তৈরি হয়েছে।

অন্যদিকে, মিয়ানমারে ফিরে যেতে আগ্রহী হলেও নাগরিকত্ব, নিরাপত্তা এবং চলাচলের স্বাধীনতাসহ বেশ কিছু শর্ত দিয়েছেন রোহিঙ্গারা।

সব মিলিয়ে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়টি এখনো তেমন এগোয়নি। বরং মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি প্রত্যাবাসন প্রক্রিয়াকে আরো অনিশ্চিত করে তুলেছে।

এ অবস্থায় হেগের আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে ঘিরে কক্সবাজারের আশ্রয়শিবিরগুলোতে রোহিঙ্গাদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। তাদের কয়েকজন জানিয়েছেন, এ রায়ের পর মিয়ানমারে প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলে তারা প্রত্যাশা করছেন।

সূত্র : বিবিসি বাংলা