রোহিঙ্গা,  গণহত্যা, মিয়ানমা,  আইসিজে
পাখির চোখে আদালতের অধিবেশনের দৃশ্য। সংগৃহীত
ads

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। 
এ রায়ের পক্ষে ভোট পড়ছে ৯টি এবং ৬টি বিপক্ষে পড়েছে।  ২০১৭ সালের সামরিক অভিযানের সময় সংঘটিত অপরাধের প্রমাণ নষ্ট করতে লাশ পুড়িয়ে ফেলা এবং অভিযানস্থল গুঁড়িয়ে দেয়ার ঘটনাও আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে। গণহত্যা সনদের আওতায় অপরাধে জড়িত ব্যক্তিদের তদন্ত, বিচার ও শাস্তি দিতে ব্যর্থ হয়েছে মিয়ানমার। রোহিঙ্গা ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেয়ারও বাধ্যবাধকতা রয়েছে দেশটির। তবে ক্ষতিপূরণের পরিমাণ এখনো নির্ধারণ করেনি আদালত। রায়ের দুই বছরের মধ্যে ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা কীভাবে করা হবে, সে বিষয়ে প্রতিবেদন তৈরির নির্দেশ দিয়েছেন বিচারক ইউজি ইওয়াসাওয়া।

প্রমাণ নষ্ট করতে লাশ পোড়ানো, অভিযানস্থল গুঁড়িয়ে দেয়া

বিচারক ইউজি ইওয়াসাওয়া বলেন, মিয়ানমার ব্যাপকভাবে অপরাধের প্রমাণ নষ্ট করেছে। লাশ পুড়িয়ে ফেলা হয়েছে, অথবা অন্য উপায়ে সরিয়ে ফেলা হয়েছে। এ ছাড়া ২০১৭ সালের সামরিক অভিযানের ঘটনাস্থলগুলো পুড়িয়ে দেয়া ও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে। এর ফলে ওই সময় কী ঘটেছিল, তা নিয়ে কার্যকর তদন্ত বাধাগ্রস্ত হয়েছে।

গণহত্যার অপরাধীদের বিচার ও শাস্তি দেয়নি মিয়ানমার

বিচারক বলেন, গণহত্যা সনদের ৩ নম্বর অনুচ্ছেদে বর্ণিত অপরাধে জড়িত ব্যক্তিদের, এমনকি সামরিক কমান্ডারদেরও তদন্ত, বিচার ও শাস্তি দিতে ব্যর্থ হয়েছে মিয়ানমার।

গণহত্যা সনদের ৩ নম্বর অনুচ্ছেদে গণহত্যা, গণহত্যার ষড়যন্ত্র, গণহত্যায় সরাসরি ও প্রকাশ্যে উসকানি, গণহত্যার চেষ্টা এবং গণহত্যায় সহযোগিতাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিচারক ইওয়াসাওয়া আরো বলেন, গণহত্যা সনদের ১, ৪ ও ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গণহত্যার অপরাধের শাস্তি নিশ্চিত করতেও ব্যর্থ হয়েছে মিয়ানমার।

রোহিঙ্গা ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দিতে হবে

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত কর্মকাণ্ডের জন্য ক্ষতিপূরণ দেয়ার বাধ্যবাধকতা রয়েছে মিয়ানমারের। তবে ক্ষতিপূরণের নির্দিষ্ট পরিমাণ এখনো ঠিক করেনি আদালত।

বিচারক ইওয়াসাওয়া বলেন, ক্ষতিপূরণের পরিমাণ ও তা দেয়ার পদ্ধতি পরবর্তী পর্যায়ে নির্ধারণ করা হবে। ক্ষতিপূরণ অবশ্যই ক্ষতির মাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

রায়ের দুই বছরের মধ্যে ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা কীভাবে নেয়া হবে, সে বিষয়ে মিয়ানমারকে একটি প্রতিবেদন তৈরি করতে হবে বলেও জানান তিনি।

গাম্বিয়া আদালতের কাছে আবেদন করেছিল, গণহত্যাসংক্রান্ত শাস্তিযোগ্য অপরাধের শিকার সব রোহিঙ্গাকে পূর্ণ ক্ষতিপূরণ দিতে মিয়ানমারকে বাধ্য করা হোক।

সূত্র : বিবিসি