গাজীপুর, আওয়ামী লীগ, আওয়ামী লীগ নেতা গ্রেফতার, নাশকতার পরিকল্পনা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জিএমপি, পুলিশের অভিযান, বাসন থানা, মাহিয়া মাহি, অগ্নিসংযোগ, গাড়িতে আগুন, টায়ার জ্বালিয়ে নাশকতা, পেট্রোল উদ্ধার, আওয়ামী লীগের লকডাউন, সন্ত্রাসবিরোধী আইন, ডিবি পুলিশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গ্রেফতার অভিযান
গ্রেফতার আওয়ামী লীগ নেতা মো: নাহিদ সরকার ও তার সহযোগী আপন। নয়া দিগন্ত

গাজীপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জিএমপির পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতার মো: নাহিদ সরকার (৩৩) মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক। এ সময় তার সহযোগী মো: আপনকেও (১৮) গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাসন থানাধীন ভোগড়া এলাকায় আসকর আলী পাম্পের প্রায় ১০০ গজ পূর্ব-দক্ষিণে নাওজোড় থেকে ভোগড়া বাইপাসগামী মহাসড়কের সার্ভিস লেনে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হলে চালকের হেফাজতে থাকা বোতলে প্রায় এক লিটার পেট্রোল পাওয়া যায়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে নাহিদ জানান, ১৯ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ডাকা লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে মহাসড়কে গাড়িতে অগ্নিসংযোগ ও টায়ার জ্বালিয়ে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে তারা ঘোরাফেরা করছিলেন। এ কাজে তার সাথে আপন ও মাহিম (১৯) ছিলেন। মাহিম ভোগড়া এলাকার বাসিন্দা ও পলাতক রয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন দাবি করেছেন, আওয়ামী লীগ নেত্রী মাহিয়া মাহির দেবর আফজাল হোসেন সরকার রিপনের নির্দেশে ও তাদের নিজস্ব আসকর আলী পেট্রোল পাম্প থেকে পেট্রোল সংগ্রহ করে নাশকতার উদ্দেশ্যে তারা রওনা হয়েছিলেন। 

এ ঘটনায় বাসন থানায় সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ প্রাইভেটকার ও পেট্রোলের বোতল জব্দ করেছে।

অন্যদিকে, জিএমপির আটটি থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে মোট ৩৫ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী হিসেবে নয়জন, ছিনতাইকারী পাঁচজন ও বিভিন্ন নিয়মিত মামলায় ২১ জন রয়েছেন।

জিএমপি জানিয়েছে, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।