রোহিঙ্গা,  বিদ্বেষ, মিয়ানমার, সামরিক বাহিনী, আইসিজে,
আদালতের একটি দৃশ্য। সংগৃহীত

মিয়ানমারে রোহিঙ্গাদের  ক্রমে ক্রমে অধিকার বঞ্চিত করতে বৈষম্যমূলক আইন ও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। একই সঙ্গে সামরিক বাহিনীর পৃষ্ঠপোষকতায় ছড়ানো বিদ্বেষমূলক বক্তব্য তাঁদের বিরুদ্ধে শত্রুতা উসকে দিয়েছে। রোহিঙ্গা গণহত্যা মামলার রায়ের পর্যবেক্ষণে এ কথা বলেছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া।

বিবিসি জানায়, আদালত পর্যবেক্ষণ করেছেন, রোহিঙ্গারা মিয়ানমারে বংশপরম্পরায় বসবাস করে আসছেন। তাঁদের ঐতিহাসিক অবস্থান ও আচরণের বিষয়ে বিচারক ইউজি বলেন, বৈষম্যমূলক আইন ও বিধিনিষেধ ক্রমে রোহিঙ্গাদের অধিকার নষ্ট করেছে। এতে তাঁরা সমাজে প্রান্তিক হয়ে পড়েছেন এবং বিশেষভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে গেছেন। অন্যদিকে সামরিক বাহিনীর পৃষ্ঠপোষকতায় ছড়ানো বিদ্বেষমূলক বক্তব্য তাঁদের বিরুদ্ধে শত্রুতা বাড়িয়েছে।

এ ছাড়া রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার অভিযোগ যথাযথভাবে তদন্ত করতে মিয়ানমার ব্যর্থ হয়েছে বলেও পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। বিচারক ইউজি বলেন, কথিত নৃশংসতার ঘটনাগুলো আন্তরিকভাবে তদন্ত করতে মিয়ানমার ব্যর্থ হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য প্রমাণ ও সাক্ষীদের কাছে যেতে দিতেও অস্বীকৃতি জানিয়েছে দেশটি। মামলার প্রমাণ মূল্যায়নের সময় আদালত এসব বিষয় বিবেচনায় নিয়েছেন।