ড. মুহাম্মদ ইউনূস ও টিউলিপ সিদ্দিক
ড. মুহাম্মদ ইউনূস ও টিউলিপ সিদ্দিক। সংগৃহীত ছবি

বাংলাদেশের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথা ভাবছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক। দুর্নীতির অভিযোগ ওঠার পর গত বছর যুক্তরাজ্য সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ। শেখ হাসিনার শাসনামলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে বিচার চলছে। সাবেক অন্তর্বর্তী সরকার টিউলিপের বিরুদ্ধে অভিযোগ করেছিল, তিনি শেখ হাসিনার সরকারের প্রভাব কাজে লাগিয়ে অনৈতিক সুবিধা নিয়েছেন।

প্লট দুর্নীতির একটি মামলায় গত বছরের ডিসেম্বরে টিউলিপকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়। একই মামলায় তার সাথে আরো ১৬ জনকে সাজা দেয়া হয়। ঢাকার উপকণ্ঠে পরিবারের জন্য একটি জমির প্লট বরাদ্দ পেতে তিনি শেখ হাসিনাকে প্রভাবিত করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে টিউলিপ এ অভিযোগ অস্বীকার করেছেন। তার পক্ষে বাংলাদেশে ওই সাজা ভোগ করার সম্ভাবনাও কম।

২০২৫ সালে দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে টিউলিপ তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ অযৌক্তিক’ বলে অভিহিত করে বলেছিলেন, শেখ হাসিনা ও বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যকার দীর্ঘদিনের বিরোধের ‘বলির পাঠা’ হয়েছেন তিনি।

সম্প্রতি এক পডকাস্টে টিউলিপ বলেন, তিনি ‘বিদ্বেষমূলক মামলার’ শিকার হয়েছেন। একজন অভিজ্ঞ আইনজীবী তাকে জানিয়েছেন যে নোবেল শান্তি পুরস্কারজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার মতো ভিত্তি রয়েছে। তিনি এ বিষয়ে আইনজীবীদের সাথে আলোচনা করছেন এবং আইনি পদক্ষেপ নেয়ার বিষয়টি বিবেচনা করছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে মুহাম্মদ ইউনূসের সাথে যোগাযোগ চেষ্টা করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

টিউলিপ বলেন, তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, তা জানার বারবার চেষ্টা করেছেন তিনি। কিন্তু তার আইনজীবীদের পাঠানো চিঠির জবাব দেয়নি বাংলাদেশ সরকার।

লন্ডনের ডরচেস্টার হোটেলে অবস্থানকালে ইউনূসকে হাতে লেখা একটি চিঠি পাঠিয়েছিলেন বলে জানান তিনি। তার সাথে সরাসরি দেখা করারও বারবার চেষ্টা করেন টিউলিপ, তবে ইউনূস দেখা করতে রাজি হননি।

টিউলিপ জানান, এসব অভিযোগ এবং পরবর্তী বিচারপ্রক্রিয়া নিয়ে তিনি মোটেও বিচলিত ছিলেন না। 

তিনি বলেন, ‘আমাকে ঠিক কী অপরাধে দোষী সাব্যস্ত করা হচ্ছে, সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের একটি ব্রেকিং নিউজ অ্যালার্ট দেখার পরই আমি প্রথম জানতে পারি যে আমাকে সাজা দেয়া হয়েছে।’ 

একইসাথে এই বিতর্কের সময় যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে সমর্থন পাওয়ার কথাও জানান টিউলিপ। তিনি বলেন, নিরাপত্তা হুমকির মুখে পড়ার পর স্টারমার তাকে একটি বার্তা পাঠিয়েছিলেন।