
কয়েক বছর আগের ঘটনা। স্পেনের মাদ্রিদ শহরে মেট্রোতে উঠেছি। শুক্রবার বিকেল। তিল ধারনের জায়গা নেই । সপ্তাহান্তে সবাই অফিস শেষে ছুটেছে বাড়ির পানে, নাড়ির টানে। সামনে শনি ও রোববার।
সাপ্তাহিক ছুটির পূর্বক্ষণে গাড়িতে জায়গা পাওয়া কঠিন ঢাকা থেকে জেলা শহরের বাসগুলোয়, প্লেনে এবং ট্রেনে। এটা যে ইউরোপের দেশেও ঘটে জানা ছিল না। ট্রেনের কামরায় ঝুলানো রিং ধরে দুলতে দুলতে চলছি। আমার সামনেই সিটে বসা এক তরুণী। সে হঠাৎ দাঁড়িয়ে আমাকে বসার অনুরোধ করল। আমি রীতিমতো হতবাক। বসব কী বসব না ভাবছি। আমার সাথে ছিল আমার এক ছাত্রীর মাদ্রিদে কর্মরত স্বামী। সে আমাকে বসতে বলায় তরুণীকে ধন্যবাদ জানিয়ে তার সিটে বসে পড়লাম। বিদেশ বিভূঁইয়ে হঠাৎ এক স্প্যানিশ তরুণীর এই বদান্যতা আমাকে বিস্মিত করে প্রচণ্ডভাবে। পরে আমার ছাত্রীর স্বামীকে এ বিষয়ে জিজ্ঞাসা করে তার জবাব শুনে আমি আবার হতবাক। সে বলল, বয়স্ক মানুষ হিসাবে মেয়েটি আমার প্রতি বদান্যতা দেখিয়েছে, এটাই এখানকার সামাজিক প্রথা। চেনা অচেনা সব বয়স্কদের তারা সম্মান দেয়। দ্বিতীয় ঘটনা জাপানে। টোকিওতে তখন রাত ১০টা। সেন্ট্রাল স্টেশনের মাটির নিচে তৃতীয়তলায় সুড়ঙ্গ পথে হেঁটে হোটেলে ফিরছি। একসময় আমার মনে হলো আমি সম্ভবত ভুল পথে এসেছি। কারণ অন্য সব দিনে সুড়ঙ্গ পথে প্রচুর মানুষকে হেঁটে ফিরতে দেখি। আজ রাস্তা একেবারেই নির্জন। মনে মনে একটু ভয়ও পাচ্ছি। মনে হলো, কেন গ্রুপের সাথে থাকলাম না। তারা অন্য জায়গায় বেড়াতে গেছে। বিকালে হিরোশিমা থেকে ফিরেছি। ক্লান্তি বোধ করায় হোটেলে ফেরার সিদ্ধান্ত নিই। আর তাতেই এই বিপত্তি। সামনে অপরিচিত, অনিশ্চিত সুড়ঙ্গ পথে না গিয়ে আমি আবার মূল স্টেশনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিই। স্টেশনে পৌঁছে ভূ-উপরিস্থ রাস্তা দিয়ে শাটল ট্রেনে হোটেলে ফেরার ইচ্ছা। যেই ভাবা সেই কাজ। উল্টোপথে হাঁটতে শুরু করি। মিনিট তিনেক হাঁটার পর একজন মধ্যবয়সী মহিলাকে দেখলাম তিনি সুড়ঙ্গ পথে এগিয়ে আসছেন। এতক্ষণে একজন মানুষের দেখা পেয়ে যেন প্রাণ ফিরে এলো। মনের ভয় মুহূর্তে কেটে গেল। কাছাকাছি হতেই তাকে রাতের সম্ভাষণ জানিয়ে জিজ্ঞেস করলাম Know English? ভদ্রমহিলা অত্যন্ত নমনীয়ভাবে জিজ্ঞেস করলেন কোথায় যাবেন? আমি আমার হোটেলের কার্ড তার সামনে মেলে ধরলাম। কার্ডটা পড়ে ভাঙা ভাঙা ইংরেজিতে বললেন This way not correct. তারপর বললেন, come. বুকে একরাশ শঙ্কা আর ভয় নিয়ে তার পিছু নিলাম। তিনি আবার মূল স্টেশনের দিকে হাঁটা শুরু করলেন। মূল স্টেশনে পৌঁছলে আমি তাকে বললাম, I can go. মহিলা আমাকে নিয়ে আমার হোটেলের সুড়ঙ্গ পথে সামনে এগুতে লাগলেন। আমি তাকে যতই বোঝাই, তিনি No problem, বলে পথ চলতে লাগলেন। মিনিট পাঁচেক হাঁটার পর হঠাৎ আবিষ্কার করি আমি মূল রাস্তায়। রাস্তার ওপারেই আমার হোটেল। মহিলা সেদিকে ইশারা করে বলেন, See your hotel. আমি তাকে ধন্যবাদ দিয়ে পা বাড়াই। তিনি আমাকে একটা কার্ড ধরিয়ে দেন, My card, any problem, call me.
তিনি একজন কলেজের অধ্যাপক। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি অপসৃয়মাণ মহিলার দিকে। ভাবি, ঢাকায় এমন বিপদে পড়লে আমার কী হতো?
জাপানিদের উদারতার অনেক কথা শুনেছি। এবার তার প্রমাণ পেয়ে আমি বিস্মিত, অভিভূত। জাপানে আমার সুযোগ হয়েছে সেদেশের মানুষের সাথে মিশবার। সর্বত্রই তাদের ভদ্রতা-শালীনতা এবং কোমল ব্যবহার দেখিছি। মানুষের প্রতি সহমর্মিতা, সাহায্য-সহযোগিতার জন্য তারা সারা পৃথিবীতে প্রশংসিত। এর বিপরীতে ঢাকার দুটো ঘটনা হৃদয়কে ব্যথিত করে, আতঙ্কিত করে। দুটো ঘটনাই অত্যন্ত মর্মান্তিক।
প্রথমটি মাত্র কয়েক দিন আগে মেট্রোরেলের একজন বয়স্ক যাত্রী। গাদা-গাদি করে মেট্রোতে উঠেছেন কোথাও যাবেন বলে। চলার পথে অসুস্থ অনুভব করায় হয়তো বসার চেষ্টা করেছিলেন। যারা বসাছিলেন সবাই শিক্ষিত মার্জিত এবং ভদ্র। তাদের কারো ভদ্রতাবোধ এই বয়স্ক অসুস্থ ব্যক্তিটির জন্য সামান্যতমও সহানুভূতি জাগেনি। ভদ্রলোক নিজেকে সামলাতে না পেরে মেঝেতে পড়ে যান এবং যেখানেই প্রাণ ত্যাগ করেন। এ দেশের শিক্ষিতদের মধ্যে মানবিক মূল্যবোধের প্রকাশের এই নমুনা। দ্বিতীয় ঘটনাটি আরো মর্মস্পর্শী। উচ্চশিক্ষিত সমাজে সুপ্রতিষ্ঠিত সন্তানরা টেরই পায়নি তাদের গর্ভধারিণী মা মারা যাওয়ার পর লাশ পচে গলে গন্ধ ছড়াচ্ছে। প্রতিবেশীরা দুর্গন্ধের জেরে পুলিশে খবর দিলে পুলিশ এসে অর্ধগলিত লাশ উদ্ধার করে। অথচ একই বাসায় তার মেয়েও বাস করেন। এসব উচ্চশিক্ষিত সন্তানদের লেখাপড়ার জন্য মা-বাবা কী অমানুষিক পরিশ্রমই না করেন। ইদানীং প্রায়ই শোনা যায় মা-বাবা সারাজীবনের তিল তিল করে জমানো সঞ্চয় দিয়ে ছেলেমেয়েরা অভিজাত পাড়ায় বাড়ি করছেন, ফ্ল্যাট কিনছেন। সেখানে তাদের সখের কুকুর বিড়ালের থাকার জায়গা এবং পরিচর্যার ব্যবস্থা থাকলেও মা-বাবার ঠিকানা হচ্ছে বৃদ্ধাশ্রম। মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে ছেলেমেয়েরা অভিজাত পাড়ায় বিলাসী জীবনযাপন করছেন। কখনো মা-বাবা বেওয়ারিশ হয়ে যাচ্ছেন। সন্তানদের কোনো হেলদোল নেই।
বেশির ভাগ মানুষ ইসলামের অনুসারী হয়েও বয়স্ক বাবা-মা, আত্মীয়স্বজন, পড়শিদের ক্ষেত্রে ইসলামের অনুশাসনের কথা বেমালুম ভুলে আছি। পবিত্র কুরআনের ১৭ নং সূরায় মহান আল্লাহ বৃদ্ধ বাবা-মার ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছেন— ‘পিতামাতার বৃদ্ধাবস্থায় তাদের প্রতি উহ্ শব্দটিও উচ্চারণ করবে না এবং তাদের প্রতি কোমল ব্যবহার করবে।’ নবী মুহাম্মদ সা: বলেছেন, ‘যারা ছোটদের ও বয়স্কদের প্রতি অবহেলা করবে— তারা আমার উম্মত নয়।’
লেখক : চক্ষুরোগ বিশেষজ্ঞ
shah.b.islam@gmail.com
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








