কারখানায় কাজ করছেন পোশাকশ্রমিকরা
কারখানায় কাজ করছেন পোশাকশ্রমিকরা। ফাইল ছবি

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনে তিন-চার হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছেন বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) নেতারা।

বিজিবিএ-এর নেতারা বলেন, চলমান পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে সামনের দিনগুলোতে এই ক্ষতির পরিমাণ আরো বাড়তেই থাকবে।

তাদের মতে, এই ক্ষতির প্রভাব শুধু পোশাকশিল্পেই সীমাবদ্ধ থাকবে না; বরং পরিবহন, ব্যাংকিং, লজিস্টিকসসহ সংশ্লিষ্ট অন্যান্য খাতেও ছড়িয়ে পড়বে। এতে দেশের সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিবিএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিবিএ-এর সভাপতি মো: আবদুল হামিদ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সহ-সভাপতি রোমান মিয়া, এমদাদুল হক মিয়াজীসহ অন্য নেতারা।

লিখিত বক্তব্যে বিজিবিএ-এর সভাপতি মো: আবদুল হামিদ বলেন, ‘জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির বর্তমান পরিস্থিতিতে শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি অত্যন্ত যৌক্তিক। এ বিষয়ে নিম্নতম মজুরি বোর্ডের কার্যক্রম চলমান রয়েছে।’

তিনি আশা প্রকাশ করেন, ‘সংশ্লিষ্ট পক্ষগুলোর আলোচনার মাধ্যমে এমন একটি সময়োপযোগী মজুরি কাঠামো নির্ধারিত হবে, যা শ্রমিকদের জন্য সম্মানজনক ও ন্যায়সংগত হবে। পাশাপাশি সেই মজুরি কাঠামো কারখানাগুলোর জন্যও বহনযোগ্য হবে।’

তিনি বলেন, ‘চলমান অস্থিরতার কারণে একদিকে যেমন নতুন পণ্য উৎপাদন ব্যাহত হচ্ছে, অন্যদিকে প্রস্তুতকৃত পণ্য নির্ধারিত সময়ে জাহাজীকরণ করাও কঠিন হয়ে পড়ছে। আগামী মৌসুমের পণ্য সময়মতো সরবরাহ করা সম্ভব না হলে বাড়তি খরচে আকাশপথে পাঠাতে হতে পারে। পাশাপাশি বিদেশী ক্রেতাদের কাছ থেকে মূল্যছাড়ের চাপও আসতে পারে। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এরকম পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ব্যবসায়িক বিশ্বাসযোগ্যতা ও নির্ভরযোগ্যতা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।’

তিনি আরো বলেন, ‘চলমান মজুরি আন্দোলনের প্রভাব পড়ছে রফতানি ক্রয়াদেশেও। চলমান পরিস্থিতির কারণে অনেক আন্তর্জাতিক ক্রেতা বাংলাদেশ থেকে নতুন ক্রয়াদেশ দেয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছেন এবং দ্বিধায় ভুগছেন। কোনো কোনো ক্ষেত্রে ক্রয়াদেশের পরিমাণও কমে গেছে।’

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘এ প্রবণতা অব্যাহত থাকলে সরাসরি উৎপাদনকারী কারখানাগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। অনেক কারখানা তাদের পূর্ণ উৎপাদন ক্ষমতা কাজে লাগাতে পারবে না। এমনকি কিছু কিছু কারখানা উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিতেও বাধ্য হতে পারে। এর ফলে শিল্পের উৎপাদন সক্ষমতা ও রফতানি আয় কমে যাবে। পাশাপাশি অসংখ্য শ্রমিক ও তাদের পরিবারের জীবিকা ও আর্থিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে।’

বিজিবিএ নেতাদের মতে, পরিস্থিতির দ্রুত সমাধান না হলে এর নেতিবাচক প্রভাব তৈরি পোশাকশিল্পের গণ্ডি ছাড়িয়ে দেশের সামগ্রিক অর্থনীতিতে পড়তে পারে।