ইয়াবা, রোহিঙ্গা, শরণার্থী, গ্রেফতার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)
ইয়াবাসহ রোহিঙ্গা শারণার্থী মোহাম্মদ আলমকে গ্রেফতার করা হয়েছে। নয়া দিগন্ত

নোয়াখালীর বেগমগঞ্জে যৌথ অভিযানে চার হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ আলম (৩৫) নামে এক রোহিঙ্গা শরণার্থীকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বেগমগঞ্জ থানাধীন বেগমগঞ্জ চৌরাস্তা জামে মসজিদের পূর্ব পাশে শফিউল্লাহর চা-দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোহাম্মদ আলম কক্সবাজারের টেকনাফ থানাধীন লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা মো: আলী হোসেনের ছেলে। 

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি আভিযানিক দল বেগমগঞ্জ চৌরাস্তা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে মোহাম্মদ আলমকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে চার হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান, তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা শরণার্থী ক্যাম্প থেকে ইয়াবার চালানটি নিয়ে হাতিয়ার উদ্দেশে যাচ্ছিলেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে এ চক্রের সাথে জড়িত অন্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

নোয়াখালীর ডিএসসির উপ-পরিচালক সুব্রত সরকার শুভ জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে ডিএনসির নোয়াখালীর পরিদর্শক বাপন সেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ মডেল থানায় একটি নিয়মিত মামলা করেছেন।