আমরা বিএনপি পরিবার
ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ভাঙ্গা উপজেলা বিএনপির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা। নয়া দিগন্ত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সুবিধাবঞ্চিত লকাই বিশ্বাসের পরিবারের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’।

Advertisement

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার হাতে নবনির্মিত বাড়ির চাবি, চিকিৎসা সহায়তা, সেলাই মেশিন ও নগদ অর্থ তুলে দেয়া হয়েছে। পরিবারের আর্থিক সঙ্কট কাটিয়ে লকাই বিশ্বাসকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এসব সহায়তা দেয়া হয়।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চরভদ্রাসন উপজেলার গাজীরটেকে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের হাত থেকে নতুন বাড়ির চাবি গ্রহণ করেন লকাই বিশ্বাস। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

সামাজিক সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’-এর সার্বিক তত্ত্বাবধানে এবং আলমগীর কবিরের বাস্তবায়নে এ সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের প্রান্তিক ও অসহায় মানুষের পুনর্বাসন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সামাজিক সংগঠনগুলো আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং তাদের আত্মনির্ভরশীল করে তোলাই আমাদের অন্যতম অঙ্গীকার।’

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো: শহীদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা। 

এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এদিকে, চরভদ্রাসনে যাওয়ার আগে ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন রুহুল কবির রিজভী। এ সময় ভাঙ্গা উপজেলা বিএনপির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো: আইয়ুব মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।