ছাত্রশিবির
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে শিবিরের বিক্ষোভ। নয়া দিগন্ত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগর শাখা।

Advertisement

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নগরীর বন্দরবাজার পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট মহানগর শিবিরের সভাপতি শহীদুল ইসলাম সাজু বলেন, ‘তেল, গ্যাস ও বিদ্যুৎ সঙ্কটে দেশের মানুষ অতিষ্ঠ।’ 

তিনি বলেন, ‘সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে এবং ক্ষমতায় আসার পর থেকে তিন দফায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে।’

তিনি আরো বলেন, ‘প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয়করণের মাধ্যমে সরকার ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে। তার দাবি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগকে পুনর্বাসনের সুযোগ দেয়া হচ্ছে এবং ছাত্রলীগের কর্মীরা মিছিল করলেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না।’

শহীদুল ইসলাম সাজু বলেন, ‘সরকারদলীয় কর্মীদের বিরুদ্ধে খুন, গুম, সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ রয়েছে।’ এসব কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে বলেও তিনি দাবি করেন। একই সাথে ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

সমাবেশে আরো বক্তব্য দেন সিলেট মহানগর শিবিরের সেক্রেটারি আবু তাহের মু. ফাহিম। মহানগর অফিস সম্পাদক কলিম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য দেন।

সমাবেশ থেকে বক্তারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান।