
পটুয়াখালীর দুমকিতে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দেলোয়ার হোসেন খান (৪১) নামে এক টং দোকানিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা লেবুখালী ইউনিয়নের পায়রা সেতুর টোল প্লাজার দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে ও ভুক্তভোগী শিশুর বাবা অভিযোগ করে বলেন, অভিযুক্ত দেলোয়ার দীর্ঘদিন ধরে শিশুটিকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। সর্বশেষ সোমবার বিকেলে শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
অভিযুক্ত দেলোয়ার লেবুখালী ইউনিয়নের লেবুখালী গ্রামের আব্দুর রশিদ খানের ছেলে। তিনি পেশায় একজন চা দোকানি।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার দুমকি থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানায়, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সেলিম উদ্দিন বলেন, উভয় পক্ষের বক্তব্য যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।








