জামায়াতে ইসলামী
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ নয়া দিগন্ত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী। 

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর গণকপাড়া মোড়ে আয়োজিত সমাবেশে বক্তারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান এবং এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

এর আগে দলটির নেতাকর্মীরা নগরীর আলুপট্টি মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গণকপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম। 

বক্তব্য রাখেন মহানগর জামায়াতের আরেক নায়েবে আমির ডা: মোহাম্মদ জাহাঙ্গীর, ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) রাজশাহী মহানগরীর সভাপতি সারোয়ার জাহান প্রিন্স, তরবিয়ত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি আব্দুস সামাদ ও জামায়াতের যুব বিভাগের মহানগর সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ। 

এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহ-প্রচার ও মিডিয়া সেক্রেটারি মোস্তাফিজুর রহমান আশু, মহানগরী জামায়াতের অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে পরিবহন ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে এবং নিম্ন ও মধ্যম আয়ের মানুষ বেশি চাপে পড়বেন। তারা জনস্বার্থ বিবেচনায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

সমাবেশে জামায়াতের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।