
রাজবাড়ীর গোয়ালন্দে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদককারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১২ টন ধারণক্ষমতার ঝুটবোঝাই একটি টাটা কার্গো ট্রাক ও তিনটি মোবাইলফোন জব্দ করা হয়।
সোমবার (১২ অক্টোবর) ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে তাদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। জেলা পুলিশ সুপার (এসপি) মীর মনীর হোসেন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আটক ব্যক্তিরা হলেন— যশোরের বেনাপোল পোর্ট থানার গয়রা এলাকার আমিন উদ্দিনের ছেলে মো: রমজান আলী (৩৪), দিঘীরপাড় এলাকার মরহুম কওসার আলীর ছেলে ট্রাকচালক মো: আরমান হোসেন ইউনুস (৩০) ও কাগমারী এলাকার মো: মালেক মোড়লের ছেলে ট্রাকের হেলপার মো: আরিফ হোসেন (৩২)। পুলিশের ভাষ্য অনুযায়ী, রমজান আলী এই চালানের মূল মাদককারবারি।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, ইয়াবার একটি বড় চালান নিয়ে একটি ট্রাক পাটুরিয়া ফেরিঘাট হয়ে যশোরের দিকে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করা হয়।
পরে ভোর সাড়ে ৫টার দিকে ঝুটবোঝাই একটি টাটা কার্গো ট্রাক থামানো হয়। ট্রাকের চালক, হেলপার ও চালকের পেছনের বক্সে শুয়ে থাকা এক ব্যক্তির কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারা ট্রাক থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশের সদস্যরা তাদের আটক করেন।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে চালকের পেছনের বক্সে শুয়ে থাকা রমজান আলীর মাথার নিচ থেকে ১৫০টি নীল রঙের জিপার ব্যাগে রাখা ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের তথ্যমতে, উদ্ধার করা মাদকের আনুমানিক ওজন তিন কেজি এবং বাজারমূল্য ৯০ লাখ টাকা।
এ ঘটনায় কার্গো ট্রাকটি জব্দ করা হয়। একইসাথে দু’টি স্মার্টফোন ও একটি বাটনফোনও জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো ঢাকা থেকে সংগ্রহ করে ট্রাকচালক ও হেলপারের সহায়তায় যশোরে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৯(গ)/১০(গ) ধারায় গোয়ালন্দঘাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








