
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার ঝামারঘোপ এলাকায় ওষুধের দোকানের আড়ালে অনলাইন জুয়া ও ইলিশ মাছ বিক্রির নামে প্রতারণার অভিযোগে দুই ভাইসহ ৯ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত রোববার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।
পুলিশ সুপার জানান, ‘ইলিশের বাড়ি চাঁদপুর’, ‘ইলিশ ভাইয়া চাঁদপুর’, ‘অনলাইন বিডি’সহ বিভিন্ন নামে ফেসবুকে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়নের ঝামারঘোপ বাজারের মা ফার্মেসিতে অভিযান চালানো হয়।
অভিযানে মাগুরার মোহাম্মদপুর উপজেলার কলাগাছি গ্রামের ফরহাদ হোসেন (২৬) ও তার ভাই ফরিদ হোসেন (২৮) গ্রেফতার হন। পুলিশ বলছে, ফরহাদ ওষুধের দোকানের আড়ালে অনলাইন জুয়া পরিচালনার পাশাপাশি ফেসবুকে ইলিশ বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করতেন।
এ ছাড়া ফরহাদের সহযোগী হিসেবে লোহাগড়ার সজীব হোসেন (৩০), প্রসেনজিৎ মজুমদার (৩০), জমির মোল্যা (৪৫), লাহু মিনহাজ (২৪), বিবেক বিশ্বাস (২৫) এবং মাগুরার আলাউদ্দিন মোল্যা (২৮) ও নাজমুল মোল্যাকে (২৬) গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, গ্রেফতারকৃতদের কাছ থেকে অনলাইন জুয়া ও প্রতারণায় ব্যবহৃত মোবাইল ডিভাইস উদ্ধার করা হয়েছে। এসব ডিভাইসে বিভিন্ন অ্যাপ ও ই-ট্রানজেকশনের তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় লোহাগড়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা হয়েছে। অনলাইন বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে কেনাকাটা না করতে সবাইকে সতর্ক করেছেন পুলিশ সুপার।







