
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে ইরানের দেয়া সাতটি শর্তের জবাবে যুক্তরাষ্ট্র যা জানিয়েছে, তা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন দেশটির নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি।
রয়টার্স সোমবার (১২ অক্টোবর) জানায়, রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেয়া বক্তব্যে রেজায়ি বলেন, তেহরানের কাছে যেসব বিষয় এখনো অস্পষ্ট, সেগুলো যুক্তরাষ্ট্রকে পরিষ্কার করতে হবে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে হরমুজ প্রণালী খুলে দেয়ার একটি প্রস্তাব দিয়েছিল ইরান। এতে বলা হয়, দেশটির শর্তগুলো পূরণ করা হলে সাত দিনের মধ্যে প্রণালীটি খুলে দেয়া এবং স্বাভাবিকভাবে জাহাজ চলাচল শুরু করা সম্ভব। পরে কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে এ প্রস্তাবের জবাব দেয় যুক্তরাষ্ট্র।
সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব রেজায়ি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত দিয়েছি। স্পষ্ট করে জানিয়েছি, এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তাদের জন্য হরমুজ প্রণালী খুলে দেয়া হবে না। পাশাপাশি কোনো আলোচনাও হবে না।’
তিনি আরো বলেন, ইরান এখন আর যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় নেই। রেজায়ির ভাষায়, ‘তাদের জবাবে আমাদের কয়েকটি শর্ত মেনে নেয়া হয়েছে। তবে অন্য কয়েকটি বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু বলা হয়নি।’
এ বিষয়ে রয়টার্সের মন্তব্য চাওয়ার অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি হোয়াইট হাউস।
এর আগে সেপ্টেম্বরের শেষ দিকে তেহরান জানিয়েছিল, উপসাগরীয় অঞ্চলে ভেঙে পড়া যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করার বিষয়ে তাদের সর্বশেষ প্রস্তাবের জবাব যুক্তরাষ্ট্র দিয়েছে। এর কয়েক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
সংঘাত বন্ধ করা এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় চালু করার লক্ষ্যে কাতারসহ অন্যান্য মধ্যস্থতাকারী ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বার্তা আদান-প্রদান করছেন।
ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হতো।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








