
দিনাজপুরের বোচাগঞ্জে পাচারকালে ১৩ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সার বিক্রেতা ও ট্রাকচালককে জরিমানা করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মুশিদহাট ইউনিয়নের পড়িয়ালপুর চৌধুরীপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
ধানের খড়ের ভেতর লুকিয়ে ট্রাকযোগে সার নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। বোচাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজিদ তানভি শোভনকে বিষয়টি অবহিত করে। পরে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে, অবৈধভাবে সার বিক্রির অপরাধে মেসার্স ইসলাম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো: এমরানকে এক হাজার ৫০০ টাকা এবং সার পাচারের অপরাধে ট্রাকচালক আব্দুল জলিলকে ২০০ টাকা জরিমানা করা হয়। একই সাথে মোট ১৩ বস্তা ২৬ কেজি সার জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) সাজিদ তানভি শোভন বলেন, জব্দ করা সার সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।







