
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দীননাথপাড়ায় নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের ডুবে ছয় বছরের শিশু আফসানার মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নানাবাড়ির পুকুরে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে। আফসানা পাশের শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আল আমিনের মেয়ে।
লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল মান্নান শেখ জানান, প্রায় পাঁচদিন আগে আফসানা নানাবাড়ি বেড়াতে আসে। বুধবার সমবয়সীদের সাথে পুকুরে গোসলে নেমে ডুবে মৃত্যু হয় তার।
নড়াইলের লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, আফসানা নানা বাড়িতে আসার পর বুধবার দুপুরে কয়েকজন সমবয়সী শিশুর সাথে পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। খোঁজাখুজির এক পর্যায়ে তার লাশ পুকুর থেকে উদ্ধার করে নানাবাড়ির লোকজন।







