
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আয়োজিত ৭ম গোল্ড জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিতর্ক দল ‘সংশপ্তক’কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিতর্ক দল ‘অপরাজেয় বাংলা’।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা মুক্তমঞ্চে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
গ্রুপ অব লিবারেল ডিবেটার্স (গোল্ড) বাংলাদেশের আয়োজনে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার ফাইনালে জাবি ও ঢাবির বিতর্ক দল মুখোমুখি হয়।
চ্যাম্পিয়ন ‘অপরাজেয় বাংলা’ দলের সদস্যরা হলেন— সাজিদ মাহমুদ, উম্মে সোহালা ও মিফতাহুল জান্নাত। রানার্সআপ ‘সংশপ্তক’ দলের সদস্যরা হলেন— দূর্বার, হাসিব ও সাদমান কৌশিক। প্রতিযোগিতায় সেরা বিতার্কিক ও ফাইনাল সেরা— উভয় পুরস্কারই অর্জন করেছেন ঢাবির মিফতাহুল জান্নাত।
এর আগে, শুক্রবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিতর্ক দল অংশ নেয়। কয়েক ধাপের প্রতিযোগিতা শেষে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে ওঠে ঢাবি ও জাবি।
ফাইনাল বিতর্ক শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক মো: আব্দুল আলিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমার প্রত্যাশা থাকবে, এই প্রতিযোগিতায় যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে, তারা নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলে আগামী দিনে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের চিন্তাশক্তি, যুক্তি উপস্থাপন ও নেতৃত্বের দক্ষতা বিকাশে ভূমিকা রাখে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








