টোঁটাবিদ্ধ হয়ে আহত দু’জন
টোঁটাবিদ্ধ হয়ে আহত দু’জন। নয়া দিগন্ত
ads

সুনামগঞ্জের মধ্যনগরে পূর্ব বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ২৬ জন আহত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে স্থানীয় জনতা বাজারে মধ্যনগর উপজেলার আমজোড়া ও জলষা গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে টেঁটাবিদ্ধ হয়ে সাতজন গুরুতর আহতসহ উভয় পক্ষের ২৬ জন আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামের জাকিরুল আজাদ মান্না ও নূরে আলম জিকুর লোকজনের মধ্যে খাস জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা-মোকদ্দমা চলে আসছে। এ নিয়ে বিভিন্ন সময় উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।

শনিবার দুপুরে স্থানীয় জনতা বাজারে আমজোড়া ও জলষা গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই দেশীয় অস্ত্র টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন সাতজন। এছাড়া ওই সাতজনসহ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৬ জন আহত হয়েছেন।

আহতদের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মধ্যনগর থানার এসআই উৎপল কুমার সাহা বলেন, দুই পক্ষের মধ্যে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। এ নিয়ে তারা বেশ কয়েকবার সংঘর্ষে লিপ্ত হয়।

তিনি আরো বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর সংঘর্ষ বন্ধ হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।