সাইবার হামলা, নেটওয়ার্ক বিভ্রাট, টালমাটাল, পশ্চিমা অর্থনীতি,
প্রতীকী ছবি। সংগৃহীত
ads

যুক্তরাজ্যের সরকার শুক্রবার দেশটির সামাজিক নিরাপত্তা ভাতার অনলাইন ব্যবস্থার বড় একটি অংশ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ পর্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামোর দুর্বলতা প্রকাশ করে গত এক মাসে একের পর এক সাইবার হামলা ও নেটওয়ার্ক বিপর্যয়ের ঘটনা ঘটেছে। এতে পশ্চিমা দেশগুলোতে উদ্বেগ বাড়ছে।

ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস শনিবার (২৮ নভেম্বর) আরো জানায়, যুক্তরাজ্যের কর্ম ও পেনশন দফতরের অনলাইন সেবায় বিঘ্ন ঘটার কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফাও সাইবার নিরাপত্তা-সংক্রান্ত ঘটনার শিকার হয়েছে।

গত এক মাসে বেশ কয়েকটি বড় সাইবার হামলা ও নেটওয়ার্ক বিপর্যয়ের ঘটনায় আটলান্টিকের দুই পাশেই উদ্বেগ ছড়িয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে পুরোনো ডিজিটাল অবকাঠামোর সক্ষমতা এবং এসব ব্যবস্থায় হ্যাকার ও সাইবার সন্ত্রাসীদের হামলার ঝুঁকি নিয়ে প্রশ্ন উঠেছে।

এআই মডেল মানুষের তুলনায় অনেক দ্রুত সফটওয়্যারের নিরাপত্তার দুর্বলতা খুঁজে বের করতে পারে। এ কারণে সাইবার নিরাপত্তা নিয়ে আক্রমণকারী ও প্রতিরক্ষাকারীদের মধ্যে নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে। হ্যাকাররা কাজে লাগানোর আগেই সফটওয়্যারের ত্রুটি খুঁজে তা সারিয়ে তুলতে চাইছে বিভিন্ন প্রতিষ্ঠান।

একই সময়ে জটিল গাণিতিক সমস্যা সমাধানে এআই মডেলের দ্রুত অগ্রগতি কম্পিউটার বিজ্ঞানীদের মধ্যে নতুন আশঙ্কা তৈরি করেছে। একই সময়ে জটিল গাণিতিক সমস্যা সমাধানে এআইয়ের দ্রুত অগ্রগতি কম্পিউটার বিজ্ঞানীদের মধ্যে নতুন আশঙ্কা তৈরি করেছে। অনলাইনে লেনদেন ও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে বিশেষ গাণিতিক পদ্ধতিতে তথ্য সাংকেতিক রূপে রাখা হয়, যাতে নির্দিষ্ট সংকেত বা চাবি ছাড়া কেউ তা পড়তে না পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এআই এই সংকেত তৈরির গাণিতিক হিসাব উল্টো পথে কষে আসল সংকেত বের করে ফেলতে পারে। অর্থাৎ, তথ্য সুরক্ষার জন্য যে জটিল হিসাব করা হয়, এআই সেই হিসাবের ফল থেকে আবার পেছনে ফিরে মূল সংকেত খুঁজে বের করার চেষ্টা করতে পারে। তাতে অনলাইনে সুরক্ষিত তথ্যও ঝুঁকির মুখে পড়তে পারে।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সোফোসের জ্যেষ্ঠ পরিচালক রাফে পিলিং বলেন, ‘অল্প সময়ের মধ্যে পরপর এ ধরনের ঘটনা ঘটলে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়। এসব ঘটনার কারণ কী এবং দৈনন্দিন জীবনের ভিত্তি হয়ে থাকা ব্যবস্থাগুলো আসলে কতটা ঝুঁকি মোকাবিলা করতে সক্ষম, তা নিয়ে প্রশ্ন ওঠে।’

তিনি আরো বলেন, ‘সাইবার হামলার হুমকি শুধু আরো জটিল হচ্ছে না। হামলার গতিও বাড়ছে, হামলা চালানো সহজ হচ্ছে এবং আক্রমণকারীর সংখ্যাও দিতে দিনে বাড়ছে।’

শুক্রবার যুক্তরাজ্যের কর্ম ও পেনশন দফতরের কর্মকর্তারা অনলাইন সেবা সচল করার চেষ্টা চালানোর সময় প্রতিষ্ঠানটি সাইবার হামলার শিকার হয়েছিল কি না, তা নাকচ করেননি। দফতরটি দেশটির ৩৩০ বিলিয়ন পাউন্ডের সামাজিক নিরাপত্তা ভাতা ব্যবস্থা পরিচালনা করে।

এর কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক অপরাধ দমন নেটওয়ার্ক সম্ভাব্য সাইবার হামলার কারণে তাদের কিছু সেবা বন্ধ করে দেয়। ওই ঘটনায় তাদের ব্যবস্থায় ‘অননুমোদিত প্রবেশের’ ঘটনা ঘটেছিল বলে জানানো হয়।

এ সপ্তাহে হ্যাকাররা ফিফার ব্যবস্থায়ও প্রবেশ করে ‘ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য’ চুরি করেছে। এ ছাড়া নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সম্প্রতি সিআইএ এবং যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের দফতর সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা শনাক্ত করেছে। এতে কিছু গোপনীয় নয় এমন তথ্য প্রকাশ হয়ে পড়ে।

তবে এসব ঘটনার সব কটিই সাইবার হামলার কারণে ঘটেছে কি না, তা স্পষ্ট নয়। এ মাসে মাইক্রোসফট ও যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের নেটওয়ার্কে যে বিপর্যয় ঘটেছিল, তার পেছনে ছিল সফটওয়্যারের ত্রুটি সারানোর উদ্যোগ। এর ফলে মাইক্রোসফটের ই-মেইল সেবা ব্যবহার করা যায়নি এবং যুক্তরাষ্ট্রে হাজার হাজার ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রাখতে হয়েছিল।

তবে নিরাপত্তা ত্রুটি সারাতে বিভিন্ন প্রতিষ্ঠানের এই তৎপরতার পেছনে বড় কারণ হলো, সাইবার অপরাধী ও রাষ্ট্রের পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত গোষ্ঠীগুলো এআই ব্যবহার করে হামলার সক্ষমতা বাড়াচ্ছে—এমন উদ্বেগ কাজ করছে।

এখন পর্যন্ত জটিল নিরাপত্তা ত্রুটি কাজে লাগাতে সাধারণ হ্যাকারদের এআই ব্যবহারের তেমন প্রমাণ পাওয়া যায়নি। সাইবার নিরাপত্তা গবেষকদের মতে, আপাতত এআইয়ের সবচেয়ে প্রচলিত ব্যবহার হচ্ছে ফিশিং হামলার পরিধি বাড়ানো। এ ধরনের হামলায় মানুষকে প্রতারণার মাধ্যমে নিজের লগইন তথ্য দিয়ে দিতে প্ররোচিত করা হয়।

তবে প্রায় সব বিশেষজ্ঞই মনে করেন, ভবিষ্যতে সাইবার হামলা আরো জটিল হবে এবং এ ধরনের হামলার সংখ্যা ও ঘনঘটা বাড়তে থাকবে।

রাফে পিলিং বলেন, ‘সামনের বছর আমাদের সবার নির্ভরশীল ডিজিটাল অবকাঠামোর ওপর আরো বেশি চাপ পড়ার আশঙ্কা রয়েছে।’