পররাষ্ট্র প্রতিমন্ত্রী, শামা ওবায়েদ ইসলাম, রফতানি, পররাষ্ট্র মন্ত্রণালয়, নারীর ক্ষমতায়ন
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বাসস
ads

রফতানির সুযোগ সম্প্রসারণ ও অর্থনৈতিক সহযোগিতা গভীরতর করতে জার্মানির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

গতকাল শুক্রবার বার্লিনে ‘জার্মান ফেডারেল অ্যাসোসিয়েশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেন ট্রেড’-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাইকেল শুম্যানের সাথে এক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই আহ্বান জানান।

আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ চিহ্নিত করতে উভয়পক্ষই নিয়মিত ব্যবসায়িক প্রতিনিধি দলের সফর বিনিময় এবং বিভিন্ন কোম্পানির মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেছে।

বৈঠকে প্রতিমন্ত্রী পাট ও পাটজাত পণ্য, সিরামিক, ওষুধ, তথ্যপ্রযুক্তি পণ্য এবং হালকা প্রকৌশল পণ্যের ক্ষেত্রে বাংলাদেশের রফতানি সম্ভাবনার কথা তুলে ধরেন।

তিনি জ্বালানি নিরাপত্তা, অভিবাসন ও চলাচলা (মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি) এবং ভিসা প্রক্রিয়া সহজীকরণের ক্ষেত্রেও সহযোগিতার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন।

বৈঠকে অভিবাসন ও চলাচলের ক্ষেত্রে সরকার-টু-সরকার (জিটুজি) ব্যবস্থাপনা এবং সাংস্কৃতিক ও জনগণের মধ্যে যোগাযোগ জোরদারের উপায় নিয়েও আলোচনা হয়।

প্রতিমন্ত্রী নারীর ক্ষমতায়ন, নারী উদ্যোক্তা তৈরি এবং মেয়েদের শিক্ষার প্রসারে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে শুম্যানকে অবহিত করেন।

আলোচনায় জলবায়ু পরিবর্তন, পরিবেশের অবক্ষয়, বর্জ্য ব্যবস্থাপনা এবং সৌরবিদ্যুতের মতো বিষয়গুলো নিয়েও কথা হয়।

বাংলাদেশের সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার বিষয়ে সংগঠনটির সমর্থন পুনর্ব্যক্ত করেন শুম্যান। এ ছাড়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেয়ায় তিনি বাংলাদেশের প্রশংসা করেন।

উভয়পক্ষ রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনা করে। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে মিয়ানমারে প্রতি আন্তর্জাতিক সমর্থনের প্রয়োজনীয়তার ওপর তারা গুরুত্বারোপ করেন।

সূত্র : বাসস