শিক্ষা
ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনীর অনলাইন রেজিস্ট্রেশন শুরু। নয়া দিগন্ত

ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ ২১ বছর পর সকল ব্যাচের অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।

Advertisement

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় ইউরিয়া সার কারখানা কলেজ প্রাঙ্গণে রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়ক স্কুলের ১৯৭৭ ব্যাচের শিক্ষার্থী ব্যবসায়ী আবু ছাইদ। তিনি নিজে রেজিস্ট্রেশন সম্পন্ন করার মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন। 

পরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আয়োজক কমিটির সদস্য ও সাবেক শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করেন। এ সময় শতাধিক সাবেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ইউএসকেসি রিইউনিয়ন-২০২৬ এর প্রচার উপ-কমিটির সদস্যসচিব কাজী ফরিদ আহমদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আয়োজক কমিটির সদস্যসচিব এপিএসসিএল-এর উপ-মহাব্যবস্থাপক স্কুলের ১৯৯২ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ এনামুল হক জানান, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সাবেক শিক্ষার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। www.reunion.uskcalumni.org ওয়েবসাইটে প্রবেশ করে ৯ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।

তিনি জানান, সাবেক শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। পরিবারের সদস্য ও ড্রাইভারদের জন্য রেজিস্ট্রেশন ফি ১ হাজার ২০০ টাকা। তবে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হবে না।

এনামুল হক বলেন, এবারের রিইউনিয়নে শিক্ষকদের সম্মান জানানোতে বেশি জোর দেয়া হচ্ছে। তিনি বলেন, পিতা-মাতার পর একজন শিক্ষার্থীর জীবন গড়ার কারিগর শিক্ষকরা। সাবেক ও বর্তমান সর্বোচ্চ সংখ্যক শিক্ষককে পুনর্মিলনীতে উপস্থিত করা এবং তাদের যথাযথ সম্মান জানাতে নানা প্রস্তুতি নিয়েছে আয়োজক কমিটি।

উদ্বোধনী অনুষ্ঠানে পুনর্মিলনী-২০২৬-এর আয়োজক কমিটির আহ্বায়ক আবু ছাইদ বলেন, জীবনের এই দীর্ঘ পথচলায় আমরা অনেক কিছু অর্জন করেছি, অনেক সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু শৈশবের সেই বন্ধু, ক্লাসরুম, মাঠ, করিডোর, শিক্ষকদের শাসন, টিফিনের সময়ের আড্ডা কিংবা ছুটির ঘণ্টার সেই আনন্দ- এসব স্মৃতি কোনোদিন পুরোনো হয় না।

আয়োজকরা জানান, ‘শেকড়ের টানে, ফিরে আসি প্রিয় প্রাঙ্গণে’- এই স্লোগানকে সামনে রেখে এবারের পুনর্মিলনী আয়োজন করা হচ্ছে। ২৫ ডিসেম্বরের অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশে থাকা সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি ব্যাপক আয়োজনের প্রত্যাশা করছেন তারা।