
রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। আন্তর্জাতিক এই প্রযুক্তি আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন স্টার্টআপ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট ও উদ্যোক্তা মো: আব্দুর রশিদ সোহাগ।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের ফোরামে ১১০টি দেশের প্রতিনিধি ছাড়াও সরকারি ও আন্তর্জাতিক সংস্থা, প্রযুক্তি প্রতিষ্ঠান, স্টার্টআপ, শিক্ষাপ্রতিষ্ঠান, ডেভেলপার ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন। ফোরামে ডিজিটাল রূপান্তর, প্রযুক্তিগত অবকাঠামো, উদ্ভাবন এবং আন্তর্জাতিক প্রযুক্তি সহযোগিতা নিয়ে আলোচনা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে প্লেনারি সেশন, বিজনেস ট্র্যাক, শিক্ষাবিষয়ক কর্মশালা, ব্যবহারিক সেশন, বিজনেস ম্যাচিং, নেটওয়ার্কিং এবং প্রযুক্তি প্রদর্শনী।
মো: আব্দুর রশিদ সোহাগ দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমে উদ্যোক্তা, মেন্টর, স্পিকার ও কমিউনিটি বিল্ডার হিসেবে কাজ করছেন।
তিনি স্টার্টআপ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের নেতৃত্বে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তাদের সংযুক্ত করছেন এবং একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগে কাজ করছেন। একই সাথে তিনি পিউপিল স্কুল বাস লিমিটেড-এর ফাউন্ডার, সিইও অ্যান্ড চেয়ারম্যান হিসেবে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও প্রযুক্তিনির্ভর স্কুল পরিবহন ব্যবস্থা চালু করেছেন।
বর্তমানে প্রতিষ্ঠানটির কার্যক্রম ঢাকা ও চট্টগ্রামে বিস্তৃত এবং জিপিএস ট্র্যাকিং, প্যারেন্ট কমিউনিকেশন, ডিজিটাল নোটিফিকেশন, স্মার্ট অ্যাটেনডেন্স ও রুট ম্যানেজমেন্ট-এর মতো সুবিধা যুক্ত করা হয়েছে।
সোহাগের উদ্যোক্তা জীবনের উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে এ টু আই স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ-এ প্রথম পুরস্কার, বিওয়াইএলসি ভেঞ্চার্স এক্সেলরেটর থেকে প্রাক-সিড ইনভেস্টমেন্ট, এন্টারপ্রেনিওরশিপ ওয়ার্ল্ড কাপ-এর টপ২৫০-এ স্থান, স্মার্ট বাংলাদেশ এক্সেলরেটর-এর টপ পিচ/গ্রাজুয়েট রিকগনিশন এবং ডিএনসিসি সিটিজেন অ্যাওয়ার্ড টুয়েন্টি টুয়েন্টি ফাইভ।
আন্তর্জাতিক স্বীকৃতির মধ্যে রয়েছে সিউল স্মার্ট সিটি প্রাইজ টুয়েন্টি টুয়েন্টি সিক্স-এর সেমিফাইনালিস্ট, গ্লোবাল স্টার্টআপ অ্যাওয়ার্ডস-এর গ্লোবাল ফাইনালিস্ট, ফাউন্ডার অফ দ্য ইয়ার ও পিপলস বেস্ট চয়েস সম্মাননা। তিনি ট্যালি এমএসএমই স্টার্টআপ ফাউন্ডার অফ দ্য ইয়ার টুয়েন্টি টুয়েন্টি ফোর হিসেবেও স্বীকৃত হয়েছেন।
সোহাগ পূর্বে ইউ এস ডিপার্টমেন্ট অব স্টেট-এর প্রফেশনাল ফেলোস প্রোগ্রাম-এ অংশগ্রহণ করেছেন এবং যুক্তরাষ্ট্রে পরিবহন ও প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করেছেন। তিনি ইউনিভার্সিটি অফ ওকলাহোমা থেকে লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং টুলস-ভিত্তিক মোডাস ইনক.-এর বোর্ড ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশে তিনি ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম (ইউআইএইচপি)-এর লিড মেন্টর হিসেবে কাজ করছেন এবং তরুণ উদ্যোক্তাদের কাস্টমার ডিসকভারি, মার্কেট ভ্যালিডেশন, বিজনেস মডেল, ফান্ডরেইজিং, পিচ ডেভেলপমেন্ট ও কমার্শিয়ালাইজেশন বিষয়ে সহযোগিতা করছেন।
মস্কোর এই আন্তর্জাতিক আয়োজন সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম এখন একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের পর্যায়ে রয়েছে। মস্কোর মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের উদ্যোক্তা ও স্টার্টআপদের সম্ভাবনাকে তুলে ধরার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা, প্রযুক্তি ও সহযোগিতার সুযোগ দেশের উদ্যোক্তাদের কাছে নিয়ে আসতে চাই।’
তিনি আরো বলেন, ‘আমি শুধু নিজের প্রতিষ্ঠানকে বড় করার জন্য নয়, দেশের উদ্যোক্তা ইকোসিস্টেমকে আরো শক্তিশালী করার জন্য কাজ করতে চাই। স্টার্টআপ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মাধ্যমে দেশের বিভিন্ন বিভাগের উদ্যোক্তাদের মধ্যে সংযোগ তৈরি, নীতিগত বিষয়গুলোতে উদ্যোক্তাদের প্রতিনিধিত্ব এবং আন্তর্জাতিক সুযোগের সাথে বাংলাদেশের স্টার্টআপদের যুক্ত করার বিষয়ে আমরা কাজ করছি।’
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, গ্লোবাল ডিজিটাল ফোরামের লক্ষ আন্তর্জাতিক প্রযুক্তি সহযোগিতা বাড়ানো, ডিজিটাল প্রবণতা নিয়ে মতবিনিময় এবং বিভিন্ন দেশের প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ ও অংশীদারত্বের সুযোগ তৈরি করা।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








