ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

রাজধানীর ডেমরা স্টাফ কোয়াটার তালেব আলী মসজিদের মাঠে ব্যাডমিন্টন খেলার সময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে চারজন আহত হয়েছে। 

Advertisement

রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে রাত ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তারা এখানে চিকিৎসাধীন। 

আহতরা হলেন- মোহাম্মদ জিয়া (১৯), মো: সোহান (১৪), শাকিব (১৯) ও রাহাত (২০)। 

আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ সাগর জানান, রাত সাড়ে ১০টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার তালেব আলী মসজিদের মাঠে ব্যাডমিন্টন খেলার সময় পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় পান্নুসহ ১৫/২০ জন এসে হঠাৎ তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ছুরিকাঘাতে চারজন আহত হয়। পরে খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসে। 

তিনি আরো জানান, এদের মধ্যে জিয়া পেশায় গেঞ্জির দোকানের কর্মচারী, ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার খোকন মিয়ার ছেলে।  শাকিব পেশায় সুতার দোকানের কর্মচারী, ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার মোহাম্মদ ফারুক হোসেনের ছেলে। রাহাত পেশায় ইলেকট্রিক মিস্ত্রি, ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার মুক্তার আলীর ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ডেমরা স্টাফ কোয়ার্টাার থেকে পূর্ব শত্রুতার জের ধরে হামলায় আহত চারজন হাসপাতালে এসেছে। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের তিনজনের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে এবং একজনের কিল-ঘুষির আঘাত রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।