জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, র‍্যালি, প্রধানমন্ত্রী, তারেক রহমান
সমাবেশ উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে। নয়া দিগন্ত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে র‍্যালি করছে ক্ষমতাসীন বিএনপি। র‍্যালি কেন্দ্র করে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। ঢাকা মহানগরসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নিতে আসছেন। র‍্যালির নেতৃত্ব দিবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertisement

আজ শনিবার বেলা ৩টায় রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হবে। এটি প্রধান বিচারপতির বাসভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে। ঢাকা ছাড়াও এদিন সারাদেশের জেলা ও মহানগর পর্যায়েও র‍্যালি করবে দলটি। পরদিন ৮ নভেম্বর থানা ও উপজেলা পর্যায়ে র‍্যালি অনুষ্ঠিত হবে।

র‍্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশ হবে। এতে বক্তব্য দেবেন তারেক রহমান। সমাবেশ উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে।

Advertisement

এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে দুপুর গড়াতেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় জড়ো হতে শুরু করেছেন দলটির সর্বস্তরের নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড এবং আশপাশের জেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসছেন নেতাকর্মীরা। তাদের হাতে শোভা পাচ্ছে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং শীর্ষ নেতাদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড। নানা রঙের টি-শার্ট ও টুপি পরে স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে রেখেছেন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

র‍্যালিতে দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

শোভাযাত্রাটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দলের পক্ষ থেকে বিশেষ প্রস্তুতি নেয়া হয়েছে। সড়কের শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করছেন বিএনপির নিজস্ব স্বেচ্ছাসেবকরা। এছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।