
নড়াইলের লোহাগড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফরহাদ মোল্যা (৫০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানার-চর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফরহাদ ওই গ্রামের গফুর মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানার-চর গ্রামের ফরহাদ মোল্যার সাথে একই বংশীয় চাচাতো ভাই দাউদ মোল্যা ও তার লোকজনের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে দুপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
আজ সকাল সাড়ে ৯টার দিকে ফরহাদ তার জমিতে ধান কাটছিলেন। এ সময় আগে থেকে পাশের একটি বাগানে ওত পেতে থাকা প্রতিপক্ষ দাউদ ও তার পক্ষের লোকজন লাঠি দিয়ে ফরহাদকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন দাউদের পক্ষের লোকজন। তাদের দাবি ফরহাদ স্ট্রোক জনিত কারণে মারা গেছে। তাকে কোনো আঘাত করা হয়নি।
এ বিষয়ে লোহাগড়ার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের এসআই জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









