
ইউনাইটেড আরব লিস্টের নেতা মানসুর আব্বাস বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জানিয়েছেন, গাদি আইজেনকোটের নেতৃত্বে ইসরাইলি সরকার গঠনের ক্ষেত্রে তার দলের সমর্থন নির্ভর করছে তাদের দাবিগুলো পূরণের ওপর।
তিনি ‘চেঞ্জ ব্লক’-এর নেতাদের সতর্ক করে বলেছেন, যদি তাদের দাবি পূরণ না হয়, তবে সরকার গঠনের পক্ষে আস্থা ভোটের সময় তার দল বিপক্ষে ভোট দেবে।
ইসরাইলের সংবাদমাধ্যম চ্যানেল-১২ এক প্রতিবেদনে জানিয়েছে, জোটের নেতাদের উদ্দেশ্যে পাঠানো এক বার্তায় আব্বাস বলেছেন, ‘এমনটা ভাববেন না যে ইউনাইটেড আরব লিস্ট ভোটদান থেকে বিরত থাকবে। হয় আমাদের দাবি পূরণের বিনিময়ে আমরা সরকার গঠনের পক্ষে ভোট দেবো, নয়তো বিপক্ষে ভোট দেবো। আমরা হাত গুটিয়ে বসে থাকব না।’
সংবাদমাধ্যমটির ভাষ্যমতে, আব্বাসের এই অবস্থানের অর্থ হলো—যদি জোট নেতাদের সরকার গঠনের জন্য আস্থা ভোটে জয়ী হতে ইউনাইটেড আরব লিস্টের সংসদ সদস্যদের ভোটের প্রয়োজন হয়, তবে তাদের সাথে একটি সমঝোতায় পৌঁছাতে হবে।
যদিও দলটি সরাসরি সরকারি জোটে যোগ দেবে না। তবে দলটির দাবিগুলো কী কী, তা উল্লেখ করা হয়নি।
গত শনিবার চ্যানেল-১২ জানিয়েছিল যে, ইউনাইটেড আরব লিস্ট ও ডেমোক্রেটিক ফ্রন্ট ফর পিস অ্যান্ড ইকুয়ালিটি (হাদাশ)-এর প্রতিনিধিরা আইজেনকোটের নেতৃত্বাধীন সরকারকে জোটে যোগ না দিয়েও সংসদীয় সমর্থন দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এর মূল লক্ষ্য হলো অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনের অবসান ঘটানো।
নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া আইজেনকোট এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে, জোটের বাইরে থাকা আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করে একটি সংখ্যালঘু সরকার গঠন করাও একটি বিকল্প হতে পারে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









