
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের পৃথক তিনটি অভিযানে হেরোইনসহ দুই নারী ও ইয়াবাসহ আরো দুইজনসহ মোট চারজনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত জেলার শ্রীনগর ও সদর এলাকায় পৃথক তিনটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন লৌহজং উপজেলার দক্ষিণ মেদিনী মণ্ডল এলাকার মোসাম্মৎ সাবিনা বেগম (৩০), একই এলাকার মোসাম্মৎ আইরিন ওরফে রত্না বেগম (৩৮), ঢাকা জেলার নবাবগঞ্জ থানার চরচরিয়া গ্রামের মো: হান্নান (৩৭) ও মুন্সীগঞ্জ সদর উপজেলার কাগজীপাড়া গ্রামের মো: জিল্লুর রহমান (২৪)।
জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল পৌনে ৬টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন শ্রীনগর স্টেডিয়াম সংলগ্ন গ্যারান্টি ফার্নিচার দোকানের সামনের পাঁকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় সাবিনা ও রত্নাকে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।
অপরদিকে রাত সাড়ে ৭টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ শ্রীনগর থানাধীন খাররা এলাকায় কবরস্থানের দক্ষিণপার্শ্বের পাকা রাস্তায় অভিযান পরিচালনাকালে মো: হান্নানকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
একই সময় পৃথক অপর এক অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম মুন্সীগঞ্জ সদর থানাধীন পঞ্চসার জোড় পুকুরপাড় বড়বাড়ি মোড় এলাকায় পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় মো: জিল্লুর রহমানের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ওসি ইশতিয়াক আশফাক রাসেল নয়া দিগন্তকে এসব তথ্য নিশ্চিত করে জানান, পৃথক এসব মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।







