
ইয়েমেনের হাউছি গোষ্ঠীর ক্রমবর্ধমান হামলার মুখে জরুরি নয় এমন কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের সৌদি আরব ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। শুক্রবার (৩০ অক্টোবর) মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, নিরাপত্তার ঝুঁকির কারণে ২৩ অক্টোবর থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে।
দূতাবাস সতর্ক করে বলেছে, বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হাউছিদের হামলায় হতাহতের ঘটনা ঘটেছে এবং বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। এছাড়া সংঘাত দ্রুত আরো তীব্র হওয়ার আশঙ্কাও রয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের বিমানবন্দরগুলো ব্যবহারের জন্য মার্কিন কর্মীদের বিশেষ অনুমোদনের প্রয়োজন হবে।
দূতাবাস জানিয়েছে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর আংশিকভাবে পুনরায় চালু হয়েছে। অন্যদিকে, জেদ্দা ও দাম্মামের বিমানবন্দরগুলো চালু থাকলেও সেখানে কিছু ফ্লাইট বিলম্বিত বা বাতিল করা হচ্ছে।
এছাড়া সৌদি আরবের নিয়মকানুন উল্লেখ করে মার্কিন নাগরিকদের আকাশপথে ভ্রমণের সময় অত্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দৃশ্য বা হামলার স্থানের ছবি না তোলার জন্যও সতর্ক করা হয়েছে।
গত কয়েক দিনে হাউছিরা সৌদি আরবের তেল স্থাপনা ও বিমানবন্দরগুলোতেও হামলার দাবি করেছে।
২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ইয়েমেনের রাজধানী সানা হাউছিদের নিয়ন্ত্রণে রয়েছে। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সহায়তা করতে ২০১৫ সালের মার্চ মাসে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ শুরু করে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








