
ইরানের নৌবন্দর ও উপকূল থেকে তেল বা অন্য পণ্য নিয়ে আসা কোনো জাহাজের কাছ থেকে মাঝসমুদ্রে পণ্য গ্রহণ করলেও রেহাই পাবে না জাহাজটি। এমন জাহাজকে আটক, তল্লাশি, পথ পরিবর্তনে বাধ্য, এমনকি জব্দও করতে পারে মার্কিন বাহিনী। ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ কার্যকর করতে নতুন করে এই কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বুধবার এক সতর্কবার্তায় জানিয়েছে, ইরানের বন্দরে বা দেশটির উপকূল থেকে পণ্য বোঝাই করা কোনো জাহাজের কাছ থেকে মাঝসমুদ্রে পণ্য গ্রহণ করলে সংশ্লিষ্ট জাহাজকে অবরোধ এড়িয়ে চলার চেষ্টা হিসেবে বিবেচনা করা হতে পারে। আল জাজিরা আরো জানায়, এ ধরনের জাহাজ ইরানের বন্দরে না ঢুকলেও এই বিধিনিষেধের আওতায় পড়বে।
ওয়াশিংটনের এই পদক্ষেপের লক্ষ্য, ইরানের তেল রপ্তানির একটি বিকল্প পথ বন্ধ করা। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ সত্ত্বেও এত দিন জাহাজ থেকে জাহাজে পণ্য স্থানান্তরের মাধ্যমে ইরানের কিছু পেট্রোলিয়াম পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর সুযোগ ছিল। নতুন সতর্কবার্তার মাধ্যমে সেই পথও বন্ধ করতে চাইছে যুক্তরাষ্ট্র।
গত জুলাইয়ের মাঝামাঝি থেকে ইরানের বন্দর ও তেল রপ্তানির ওপর অবরোধ আরোপ করে রেখেছে ওয়াশিংটন। অন্যদিকে, তেল রপ্তানি আবারো চালু করার পথ খুঁজছে তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) বারবার হুঁশিয়ারি দিয়েছে, ইরানি জাহাজে হামলা হলে তার পাল্টা জবাব দেয়া হবে।
সেন্টকমের সতর্কবার্তায় বলা হয়েছে, অবরোধের আওতাভুক্ত কোনো জাহাজের কাছ থেকে পণ্য গ্রহণকারী জাহাজকে থামানো, তল্লাশি করা, অন্য পথে পাঠানো কিংবা জব্দ করা হতে পারে। প্রয়োজনে যে ইরানি বন্দর থেকে পণ্যটি এসেছে, সেখানেই ফিরে যাওয়ার নির্দেশও দেয়া হতে পারে। মার্কিন বাহিনীর নির্দেশ অমান্য করলে বলপ্রয়োগসহ অন্যান্য ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছে সেন্টকম।
গত ১৩ এপ্রিল প্রথম ইরানের ওপর এই নৌ অবরোধ আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। পরে তেহরানের সাথে সমঝোতার ভিত্তিতে জুনে তা প্রত্যাহার করা হয়। কিন্তু সেই সমঝোতা ভেঙে যাওয়ার পর ১৪ জুলাই আবারো অবরোধ কার্যকর করে ওয়াশিংটন।
লন্ডনের কিংস কলেজের নিরাপত্তাবিষয়ক সহযোগী অধ্যাপক আন্দ্রেয়াস ক্রিগের মতে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটি সবচেয়ে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধির পরিস্থিতিগুলোর একটি হতে পারে। আল জাজিরাকে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের জন্য অবরোধ কার্যকর করার চেষ্টা এমন এক পরিস্থিতি তৈরি করতে পারে, যা সাম্প্রতিক সময়ে দেখা সবচেয়ে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধির ঘটনাগুলোর একটি।’
বিশ্লেষকদের ধারণা, সামরিক শক্তি প্রয়োগ করে ইরানের পক্ষে এই অবরোধ ভেঙে ফেলা সহজ হবে না। তবে ওয়াশিংটনের জন্য অবরোধ কার্যকর করাকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ব্যয়বহুল করে তোলার চেষ্টা করতে পারে তেহরান। এতে পুরো অঞ্চলে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হতে পারে।
কিংস কলেজ লন্ডনের আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক প্রভাষক রব গেইস্ট পিনফোল্ড বলেন, উপসাগরীয় দেশগুলোতে, বিশেষ করে বাহরাইনে, ইরানের সাম্প্রতিক হামলার জবাব দিতে চাইছে যুক্তরাষ্ট্র। তবে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতে জড়াতে চায় না ওয়াশিংটন।
আল জাজিরাকে তিনি বলেন, ‘ইরানকে পরাস্ত করা এবং আলোচনার টেবিলে ফিরিয়ে আনার জন্য সামরিক অভিযান আবার শুরু না করে অবরোধকেই কার্যকর পথ হিসেবে বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র।’
পিনফোল্ডের মতে, অবরোধ এরই মধ্যে ইরানের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। এমনকি দেশটির তেল রপ্তানি শিগগিরই শূন্যের কোঠায় নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরানের অর্থনীতির প্রায় ৩০ শতাংশই তেলের ওপর নির্ভরশীল বলে উল্লেখ করেন তিনি। ফলে অবরোধ দীর্ঘায়িত হলে তেহরানের অর্থনৈতিক চাপ আরো বাড়তে পারে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









