স্যান্ডপেপার কেলেঙ্কারি, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া অধিনায়ক, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, দক্ষিণ আফ্রিকা, বল টেম্পারিং, উসমান খাজার বই ‘সবর’, উসমান খাজা, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যানক্রফট, পোর্ট এলিজাবেথ টেস্ট, সংবাদ সম্মেলন,  কেপটাউন টেস্ট
প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। সংগৃহীত
ads

স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে নতুন করে বিতর্কের মাঝে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের পাশে দাঁড়িয়েছেন জশ হ্যাজলউড। কামিন্সের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা জানিয়ে এই পেসার জানান, অধিনায়কত্ব থেকে কামিন্সকে সরিয়ে দেয়া হলে নিজের ভবিষ্যৎ নিয়েও ভাবতে হতে পারে তাকে। প্রয়োজনে অস্ট্রেলিয়া দল ছাড়ার বিষয়টিও বিবেচনা করবেন।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরের বল টেম্পারিং কাণ্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে উসমান খাজার বই ‘সবর’ প্রকাশের পর। যেখানে খাজা দাবি করেন, শুধু স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট নয়, দলের অন্য খেলোয়াড়রাও স্যান্ডপেপার দিয়ে বলের অবস্থা পরিবর্তনের বিষয়টি জানতেন।

পোর্ট এলিজাবেথ টেস্টেও স্যান্ডপেপার ব্যবহারের ঘটনা ঘটেছিল বলে দাবি করেন তিনি। এমনকি সম্মিলিতভাবে দায় নেয়া উচিত ছিল বলেও নিজের বইয়ে লিখেছেন খাজা।

খাজার এই বক্তব্যের জবাবে গত সপ্তাহে দীর্ঘ সংবাদ সম্মেলনে নিজের অবস্থান ব্যাখ্যা করেন কামিন্স। তিনি দাবি করেন, স্যান্ডপেপার মাঠে ব্যবহারের বিষয়ে তিনি জানতেন না। খাজার বক্তব্যকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলেও মন্তব্য করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। 

পরে ক্যামেরন ব্যানক্রফটের দীর্ঘ বিবৃতিতে বিতর্ক আরো জোরালো হয়। তিনিও দলের সবাই বিষয়টি জানতেন বলে দাবি করেন। একই কথা বলেছেন আরেক অভিযুক্ত আরেক ক্রিকেটার ডেভিড ওয়ার্নারও খাজার পক্ষে নিজের সমর্থন দেন ও ঘটনা সত্য বলে দাবি করেন।

এমন পরিস্থিতিতে কামিন্সের পাশে দাঁড়িয়েছেন হ্যাজলউড। সম্প্রতি নিউজ কর্পকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গত কয়েক দিনে বিভিন্ন মানুষের কাছ থেকে মনে হচ্ছে, সবাই মিলে যেন তার ওপর চাপ তৈরি করছে। আমি প্যাটের পাশে থাকতে চাই। গত সপ্তাহের সংবাদ সম্মেলনে সে যা বলেছে, তার সবকিছুর প্রতি আমার সমর্থন রয়েছে।’

কামিন্সের নেতৃত্বের প্রশংসা করে হ্যাজলউড বলেন, ‘গত পাঁচ-ছয় বছরে অধিনায়ক হিসেবে তিনি অসাধারণ কাজ করেছেন। দলকে বর্তমান অবস্থানে নিয়ে আসা ও এমন পরিবেশ তৈরি করা, যেখানে এ ধরনের ঘটনা আর কখনো ঘটবে না, সেটি বড় অর্জন।’

কামিন্সকে অধিনায়ক হিসেবে না দেখলে পরিস্থিতি কিভাবে সামলাবেন, এমন প্রশ্নে হ্যাজলউড বলেন, ‘আমরা যদি প্রথম টেস্ট খেলতে মাঠে গিয়ে দেখি প্যাট অধিনায়ক নেই, অন্য কেউ দায়িত্বে আছে, তাহলে পরিস্থিতি কিভাবে সামলাব, সত্যি বলতে জানি না।’

অধিনায়কত্ব হারালে নিজের অবস্থান পুনর্বিবেচনা করবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সিদ্ধান্ত নেয়ার মতো পরিস্থিতিতে পড়লে তখনই বিষয়টি বিবেচনা করতে হবে। তবে হ্যাঁ, অবশ্যই এটা নিয়ে ভাবতে হবে।’

কামিন্সের অধিনায়কত্ব হারানোর সম্ভাবনা অবশ্য আপাতত কম। ক্রিকেট অস্ট্রেলিয়া তার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। সংস্থাটি ২০১৮ সালের ঘটনা নিয়ে তদন্ত পুনরায় শুরু না করলেও সংশ্লিষ্ট খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিজ্ঞতা শুনতে স্বাধীন ফোরাম আয়োজনের উদ্যোগ নিয়েছে।

এদিকে বল টেম্পারিং কাণ্ডে নিজের সংশ্লিষ্টতা সরাসরি অস্বীকার করেছেন হ্যাজলউড। তার দাবি, স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা কিংবা মাঠে তা ব্যবহারের বিষয়ে তিনি কিছুই জানতেন না। কেপটাউন টেস্টের পরপরই দেয়া জিজ্ঞাসাবাদে নিজের বক্তব্যকে এখনো সবচেয়ে বিশ্বাসযোগ্য মনে করেন তিনি।