সোমালিয়ার পতাকা
সোমালিয়ার পতাকা। সংগৃহীত ছবি
ads

ইয়েমেন, সুদান বা অন্য কোনো দেশের সংঘাত উসকে দেয়ার কাজে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না সোমালিয়া। সংযুক্ত আরব আমিরাতের সাথে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

শুক্রবার (২০ নভেম্বর) সোমালিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আউয়েইস হাজি ইউসুফ আহমেদ জানিয়েছেন, সংঘাত উসকে দেয়ার কাজে সোমালিয়ার ভূখণ্ড, বন্দর বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়া হবে না। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে তিনি পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌম সমতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানান। 

ইউসুফ আহমেদ বলেন, ‘এসব বিষয়কে অভ্যন্তরীণ রাজনৈতিক মতপার্থক্য হিসেবে না দেখে, বরং অর্থবহ কূটনৈতিক, নিরাপত্তা ও আইনি আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।’

এর আগে, সোমালিয়ার পক্ষ থেকে আমিরাতি রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছিল। তার প্রতিক্রিয়ায় ইউসুফ আহমেদ এই মন্তব্য করেন।

আমিরাতের বিবৃতিতে বলা হয়, ‘সংযুক্ত আরব আমিরাত সোমালি সরকারের নেয়া উত্তেজনাপূর্ণ ও বৈরী পদক্ষেপের তীব্র নিন্দা জানায়। এটি একটি দায়িত্বজ্ঞানহীন অবস্থান, যা দ্বিপক্ষীয় সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে এবং দুই দেশের মধ্যকার সহযোগিতার ভিত্তি দুর্বল করে দেয়।’

গত বৃহস্পতিবার সোমালিয়া আমিরাতি রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ দেয় এবং আবু ধাবিতে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকেও ফিরিয়ে আনে।

সোমালিয়া ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার সম্পর্ক কখনো সংঘাত, আবার কখনো সমঝোতার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। সোমালিয়ার অভ্যন্তরীণ বিষয়ে আমিরাতের হস্তক্ষেপের অভিযোগ ওঠার পর জানুয়ারি মাস থেকে দেশ দু’টির মধ্যে উত্তেজনা আরো বেড়েছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর