
এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠার সুযোগ ছিল নিজেদের হাতেই। শেষ ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারাতে পারলেই গ্রুপের শীর্ষে উঠে টিকিট নিশ্চিত হতো বাংলাদেশের। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি অনূর্ধ্ব-১৭ দল। শেষ ম্যাচে ২–০ গোলে হেরে বাছাইপর্ব থেকেই বিদায় নিয়েছে তারা।
শুক্রবার (২০ নভেম্বর) রাস আল খাইমার এমিরেটস ক্লাব স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে আরব আমিরাতকে আটকে রাখতে পেরেছিল বাংলাদেশ। গোলশূন্য সমতায় বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে আর সেই প্রতিরোধ ধরে রাখতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। বিরতির পর দুই গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সালেম বানির শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর ৫৮ মিনিটে পেনাল্টি পায় আরব আমিরাত। স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন গামাল। গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা করলেও বাংলাদেশের পক্ষে আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি।
উল্টো যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সাইফ এসাদি দ্বিতীয় গোল করলে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে যায়। ২-০ গোলে হেরে যায় লাল-সবুজের দল।
চার ম্যাচে দুই জয় ও দুই হারে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের তৃতীয় স্থানে থেকে বাছাইপর্ব শেষ করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে সিরিয়ার কাছে ৫–১ গোলে হারের পর ভুটানকে ৪–০ ও ম্যাকাওকে ১–০ গোলে হারিয়ে শেষ ম্যাচের আগে সম্ভাবনা জিইয়ে রেখেছিল দল।
কিন্তু আরব আমিরাতের বিপক্ষে হার সেই সম্ভাবনায় ইতি টেনেছে। বাছাইপর্বের নিয়ম অনুযায়ী, পাঁচ দলের গ্রুপ থেকে কেবল চ্যাম্পিয়ন দলই চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।
গ্রুপের অন্য ম্যাচে ভুটানকে ১০–০ গোলে উড়িয়ে দিয়েছে সিরিয়া। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তারা। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকা আরব আমিরাতও বাদ পড়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









