দুর্ঘটনাকবলিত ব্যাটারিচালিত অটোরিকশাটি
দুর্ঘটনাকবলিত ব্যাটারিচালিত অটোরিকশাটি। নয়া দিগন্ত
ads

শেরপুর সদর উপজেলায় ড্রাম ট্রাকের সাথে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইমরুল কায়েস (২৮) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালক মামুন (৪০) গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকালে শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার নন্দীরবাজার তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরুল কায়েস টাঙ্গাইলের মধুপুর উপজেলার বাসুদেববাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি নালিতাবাড়ী উপজেলার তিনানী শাখায় একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন।

আহত মামুন সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চর জঙ্গলদী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে কাঁচামালবোঝাই একটি অটোরিকশা জামালপুরের কাঁচাবাজার থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী একটি ড্রাম ট্রাকের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা দুর্ঘটনায় আহত দু’জনকে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইমরুল কায়েসের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রাম ট্রাকটি আটক করে।

ইমরুলের স্বজনরা জানান, এক সপ্তাহ আগে তিনি এসএস এনজিওতে যোগ দিয়েছিলেন। রোববার সকালে মধুপুরের নিজ বাড়ি থেকে কর্মস্থল তিনানীতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের পাশাপাশি আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনায় জড়িত ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে।