
ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসির সম্ভাব্য বিদায়ী ম্যাচ ঘিরে আর্জেন্টিনায় উন্মাদনার প্রমাণ মিলল টিকিট বিক্রির শুরুতেই। বিক্রি শুরুর কয়েক সেকেন্ডের মধ্যেই অতিরিক্ত চাপের কারণে টিকিট বিক্রির ওয়েবসাইট ক্রাশ করে। শেষ পর্যন্ত দুই ঘণ্টারও কম সময়ে সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম। এদিকে আর্জেন্টিনার নতুন অধিনায়ক হিসেবে ক্রিশ্চিয়ান রোমেরোর নাম ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।
ফিফা আন্তর্জাতিক বিরতিতে আগামী ৬ অক্টোবর রাজধানীর মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতিম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচটির টিকিট বিক্রি শুরু হয় গত বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। টিকিট বিক্রির দায়িত্বে ছিল ‘ডেপোরটিক’ নামের একটি প্রতিষ্ঠান। বিক্রি শুরুর সাথে সাথে বিপুলসংখ্যক সমর্থক ওয়েবসাইটে প্রবেশ করায় তৈরি হয় দীর্ঘ ভার্চুয়াল লাইন। অনেকের সামনে এক ঘণ্টার বেশি অপেক্ষার বার্তা দেখানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে অভিযোগও করেন সমর্থকেরা। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’ও টিকিট কেনার প্রক্রিয়াটি অনুসরণ করে। তাদের প্রতিবেদনে বলা হয়, ভার্চুয়াল কিউতে প্রবেশের ৭০ মিনিট পরও টিকিট কেনার জন্য আরো এক ঘণ্টার বেশি অপেক্ষার বার্তা দেখাচ্ছিল ওয়েবসাইট।
মনুমেন্তাল স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ৮৫ হাজার হলেও সব আসনের টিকিট সাধারণ দর্শকদের জন্য ছাড়া হয়নি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) স্পন্সর ও সহযোগীদের জন্যও টিকিট বরাদ্দ রেখেছিল।
‘ওলে’র প্রতিবেদনে বলা হয়, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এক সমর্থক টিকিট কেনার সুযোগ পাওয়ার স্ক্রিনশট প্রকাশ করেন। তখন ওপরের সারির কিছু আসন বাকি ছিল, যার দাম ছিল তিন লাখ ২০ হাজার পেসো, বাংলাদেশী মুদ্রায় প্রায় ২৬ হাজার টাকা। মাত্র ১৩ মিনিট পর, ৭টা ২৮ মিনিটে আরেক সমর্থক জানান, সব টিকিট শেষ হয়ে গেছে।








