কাজাখস্তানকে রুখে দিলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
এশিয়ান গেমসে গতকালও বাংলাদেশের হতাশার দিন গেছে। অ্যাথলেটিক্সে ১০০ মিটারের সেমিফাইনালে আটজনের মধ্যে সপ্তম হয়ে ছিটকে পড়েছেন ইমরানুর রহমান। নিজের সেরা টাইমিং করতে তো পারেননি। তবে এই গেমসেই টাইমিংয়ের উন্নতি করেছেন যুক্তরাষ্ট্র্র প্রবাসী এই স্প্রিন্টার। পরশু  প্রাথমিক রাউন্ডের হিটে ইমরান ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে সেমিতে উঠেন। গতকাল সেমিফাইনালে টাইমিংয়ে উন্নতি করে ১০.৪৪ সেকেন্ডে দৌড় শেষ করেন। এই পারফরম্যান্সে হতাশ বাংলাদেশের দ্রুততম মানব।
এ দিকে নারী হকিতে গতকাল ড্র করেছে বাংলাদেশ দল। তারা ৩-৩ গোলে রুখে দিয়েছে কাজাখস্তানকে। ম্যাচের প্রথম মিনিটেই আইরিন আক্তারের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর মধ্য এশিয়ান দেশটি টানা তিন গোল করে স্কোর ৩-১ করে ফেলে। ৩৯ মিনিটে কণা আক্তার ব্যবধান কমানোর পর ৪৬ মিনিটে অর্পিতা পাল গোল করে স্কোর ৩-৩ করে ফেলেন। এতে প্রথমবারের মতো গেমসের নারী হকিতে অংশ নিয়ে প্রথম ড্রয়ের দেখা পেল বাংলাদেশ দল।
 সেমিফাইনালে ১ নম্বর হিটে ৯ নম্বর লেনে ছিলেন ইমরান। শুরুটা ভালো করলেও সব সময়ের মতো ৬০ মিটার পরই পিছিয়ে পড়েন। প্রতি হিটের প্রথম দু’জন এবং তিন হিট মিলিয়ে সেরা দুই টাইমিংধারী ফাইনালে উঠেছেন। তিন হিট মিলিয়ে বাংলাদেশের ইমরানের অবস্থান ২১তম। তাই ফাইনালে খেলা হলো না।
মিট শেষে ইমরানুর বলেন, ‘বছরের সবচেয়ে বাজে রেস ছিল এটা, নানা কারণে। তবে এমনটা হয়। আর যা-ই হোক না কেন, আমাকে এখান থেকে সামনে এগোতে হবে। আর কি-ই বা বলব... হ্যাঁ, আমি সত্যিই হতাশ।’ ইমরানের সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড। মৌসুমসেরা ১০.২৪ সেকেন্ড। দু’টির কোনোটিই করতে না পারার কারণ সম্পর্কে বলেন, ‘সব সময় তো আর মনের মতো হয় না। প্যারিসের পর দু’বছর ইনজুরিতে থাকার পর এটাই আমার ফেরার প্রথম বছর। তাই আমাকে ইতিবাচক দিকটাই দেখতে হবে। অন্তত আমার অবস্থা আরো খারাপ হয়নি। তবে আরো ভালো টাইমিং করার চেষ্টা করা উচিত ছিল।’
ব্যাডমিন্টন দ্বৈতে আল আমিন ঝুমার ও মোজাম্মেল হোসেন ওহিদুল ৯-২১ ও ১১-২১ এ হেরেছেন জাপানের প্রতিযোগীর কাছে। মিশ্র দ্বৈতে ঝুমার ও উর্মি আক্তার ১৪-২১ ও ৯-২১ পয়েন্টে হেরেছেন মালয়েশিয়ার প্রতিপক্ষের কাছে। ভারোত্তোলনে বাংলাদেশের স্মৃতি আক্তার ১৭৫ স্কোর করে সাতজনের মধ্যে পঞ্চম হয়েছেন। সার্ফিংয়ে বাংলাদেশের ফাতেমা আক্তার বাছাইয়ে তৃতীয় হয়েছেন। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে আবদুল্লাহ হেল বাকী ২৩তম হয়েছেন।