
ক্রীড়া প্রতিবেদক
ফিফা আশিয়ান কাপ ২০২৬-এর শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে লাল-সবুজরা। জাকার্তার গেলোরা বুন কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি হামজারা। ম্যাচ শেষে দলের ভুল পাস, সমন্বয়হীনতা ও নিয়ন্ত্রণের অভাবকে হারের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন প্রধান কোচ টমাস ডুলি।
ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় ডুলি স্বীকার করেন, মাঠের খেলায় মালয়েশিয়াই ছিল ভালো দল। বাংলাদেশের খেলোয়াড়েরা ম্যাচের শুরু থেকেই নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেননি। বল দখল ও আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রে একাধিকবার ভুল পাস হয়েছে, যা দলের খেলায় ছন্দ নষ্ট করেছে।
ডুলি বলেন, ম্যাচজুড়ে বাংলাদেশের খেলোয়াড়েরা অনেক ভুল পাস করেছেন। একইসাথে দলটি বল ও ম্যাচের ওপর প্রত্যাশিত নিয়ন্ত্রণও রাখতে পারেনি। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এমন ভুলের খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে।
ম্যাচের আগে থেকেই খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ না দেয়ার কথা বলেছিলেন ডুলি। পরাজয়ের পরও সেই অবস্থানেই রয়েছেন তিনি। তার মতে, মালয়েশিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে হারের পর খেলোয়াড়দের মনোবল আরো ভেঙে দেয়ার পরিবর্তে তাদের সমর্থন করা জরুরি।
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের (১৮১) চেয়ে অনেক এগিয়ে থাকা মালয়েশিয়ার (১৩৬) বিপক্ষে পরাজয়কে বাস্তবতার অংশ হিসেবেই দেখছেন বাংলাদেশ কোচ। তবে দলের পারফরম্যান্সে যে ঘাটতি ছিল, সেটিও তিনি আড়াল করেননি। বিশেষ করে পাসিং ও সমন্বয়ের উন্নতির প্রয়োজনীয়তার বিষয়টি উঠে এসেছে তার কথায়।
ডুলি একইসাথে ভক্ত ও গণমাধ্যমকে খেলোয়াড়দের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। তার প্রত্যাশা, এই হারকে কেন্দ্র করে সমালোচনার চাপ না বাড়িয়ে খেলোয়াড়দের আত্মবিশ্বাস ধরে রাখতে সবাই সহযোগিতা করবে।








