৮ প্রবাসী নিয়ে ৩ গোলে হার
হারের পর হতাশ হয়ে মাটিতে বসে আছেন হামজা চৌধুরী ও শেখ মোরসালিন : বাফুফে।

ক্রীড়া প্রতিবেদক
ফিফা র‌্যাংকিংয়ে ১৩৬-এ অবস্থান মালয়েশিয়ার। সেখানে বাংলাদেশ আছে ১৮১ তে। এই র‌্যাংকিংয়ের তফাৎ ও দুই দলের আগের জয় পরাজয়ের পরিসংখ্যানও কিন্তু কথা বলছিল না লাল-সবুজদের পক্ষে। যেখানে দুই দলের সর্বশেষ  ম্যাচে চার বছর আগে ৪-১ গোলে জয় ছিল মালয়েশিয়ার। এর পরও গতকাল আসিয়ান কাপে বাংলাদেশের অভিষেকটা আরো রঙিন হবে- এটি ছিল সবার প্রত্যাশা। কারণ চার বছর আগের সেই দলের সাথে বর্তমান লাল-সবুজ দলে বিস্তর পরিবর্তন। এখন দলে হামজা চৌধুরী, শমিত শোমদের সাথে যোগ হয়েছে ফারহান আলী ওয়াহিদ। এই তিনজন ছাড়াও আরো পাঁচ প্রবাসী ফুটবলারের উপস্থিতি। অথচ তাদের নিয়েও পারল না বাংলাদেশ। পারাত দূরের কথা কোনো লড়াই-ই করতে পারনি। ফলে দুই অর্ধ মিলে তিন গোল হজম। ফলে ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুন কার্নো স্টেডিয়ামে দর্শক শূন্য গ্যালারির ম্যাচে ০-৩ গোলের হার দিয়ে এবারের আসিয়ান কাপ শুরু করল সোহেল রানারা। এখন ২৮ সেপ্টেম্বর পরের ম্যাচ সিঙ্গাপুরের সাথে। কাল অপর ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়া ২-০ তে হারিয়েছে সিঙ্গাপুরকে।
 নিয়মিত অধিনায়ক জামাল ভূইয়াকে কোচ খেলাননি গতকাল। ফলে নেতৃত্ব দেয়া হয় সোহেল রানাকে। এই মিডফিল্ডার যেমন মাঝ মাঠে উজ্জ্বল ছিলেন না তেমনি অন্যরাও। সাথে ভুল পাস ও কৌশলগত ভুলের ছড়াছড়ি। ফলস্বরূপ এই বাজে হার। বাংলাদেশের মতো প্রবাসী ফুটবলার নিয়ে খেলেছে মালয়েশিয়াও। তাদের ব্রাজিলিয়ার-  বংশোদ্ভূত বার্গসন ৫৩ মিনিটে যে গোলটি করেন তাতেই বুঝা গেছে কেন তাকে দলে নিয়েছে মালয়েশিয়া। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলে খেলা এই ফুটবলার ২০২১ সাল থেকে খেলছেন মালয়েশিয়ার জহুর বারু তাজিম ক্লাবে। এই ক্লাবের হয়ে ১১০ ম্যাচে ১২২ গোল করেন। গতকাল মালয়েশিয়া দলের হয়ে অভিষেকেই গোল করে বুঝান তিনি কোন উচ্চতার ফুটবলার।
 আগের হারের দুঃসহ স্মৃতি ভুলতে কাল বাংলাদেশ দল সমান তালেই শুরু করে খেলা। পোস্টের নিচে মিতুল মারমার বদলে দীর্ঘদেহী মেহেদী হাসান শ্রাবণ।  ইংল্যান্ড প্রবাসী ফারহান আলী ওয়াহিদের সাথে দলে অন্য প্রবাসীরা হলেন হামজা চৌধুরী, তারিক কাজী,  জায়ান আহমেদ, শমিত শোম ও ফাহামিদুল ইসলাম। তবে গত জুনে সেই সানমেরিনোর বিপক্ষে ম্যাচের পর খেলার বাইরে জাতীয় দল। বাফুফের জোরাজুরিতে ক্লাবের বাধা ডিঙ্গিয়ে ১৮ সেপ্টেম্বর লিগ শুরু করা গেছে। তবে খেলা রাখা হয়নি জাতীয় দলের বেশির ভাগ ফুটবলারের উপস্থিতি থাকা মোহামেডানের। অন্য ক্লাবগুলো লিগের একটি ম্যাচ খেলেছে। অন্য দিকে মালয়েশিয়ার ফুটবলাররা লিগের টি ম্যাচ খেলে এসেছে। ফলে তাদের ম্যাচ ফিটনেস ও পারস্পরিক বুঝাপড়া ছিল চমৎকার। সে সাথে যোগ হয় বাংলাদেশী ফুটবলারদের ভুল। এর পরও হামজা চৌধুরী ও  শাহরিয়ার ইমনরা প্রাপ্ত গোলের চান্স মিস না করলে নিশ্চিত হারের ব্যবধানটা এত বড় হতো না।
ম্যাচের ১৮ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ দল। লব থেকে আসা বলে মালয়েশিয়ান ফরোয়ার্ড আরিফ আয়মান দখল নেন। এরপর গায়ে গায়ে থাকা ডিফেন্ডারকে গতিতে পরাস্ত করে এগিয়ে যান দুরূহ কোণে। এই অবস্থান থেকে গোল করাটা কঠিন। কিন্তু এগিয়ে আসা গোলরক্ষক শ্রাবণের দুই পায়ের ফাঁক গলে বল জালে পাঠান আরিফ। এরপর ৩২ মিনিটে বাংলাদেশ সমতার সুযোগ পেয়েছিল। তবে সাদ উদ্দিনের ক্রস থেকে রাকিব পোস্টে শট নিলেও তা লক্ষ্যে ছিল না। 
পিছিয়ে পড়া বাংলাদেশ দল যখন ম্যাচে ফেরার চেষ্টা করছিল তখনই ৩৭ মিনিটে মারাত্মক ভুল করে বসেন শাকিল আহাদ তপু। বক্সের বাইরে তিনি ভুল পাস দেন মালয়েশিয়ার আরিফের পায়ে। এই ফুটবলার সেই বলের দখল নিয়ে ডান পায়ের প্লেসিং শটে ফের পরাস্ত করেন বাংলাদেশের শেষ প্রহরীকে। শ্রাবণ অবশ্য শুরুতে ও ৪২ মিনিটে দুইবার দলকে সেভ করেন। প্রথমে আরিফের শট কর্নার করার পর ৪২ মিনিটে ফয়সালের শট দারুণ দক্ষতায় রুখে দেন।
৫৩ মিনিটে লাল-সবুজদের সব আশাই শেষ করে দেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত বার্গসন গুস্তাভো ডি সিলভা। বাম দিক থেকে আসা ক্রস থেকে তিনি বলের নিয়ন্ত্রণ নেন। তার পেছনে তখন শাকিল আহাদ তপু। সাধারণত এই পরিস্থিতিতে যেকোনো স্ট্রাইকার কিছুক্ষণ সময় নেন কি করবেন এই চিন্তায়। তবে বার্গসন কোনো সময় না নিয়ে ঘুরেই বাম পায়ে বলে শট নেন। আর তাতেই বোকা বনে যান শাকিল আহাদ তপু ও গোলরক্ষক শ্রাবণ। স্কোর ৩-০।
এর পরও বাংলাদেশ দলের ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল। বদলি হিসেবে তখন মাঠে শুকি ইতোফুসা ও জিদান ইউসুফ মাঠে। যোগ দেন শাহরিয়ার ইমন ও শেখ মোরসালিনও। ৭৬ মিনিটে শাহরিয়ার ইমনের পাস থেকে গোলের সুযোগ পান হামজা। তবে মালয়েশিয়ার আরিফ যে স্থান থেকে গোল করেছেন, হামজা সেই স্থান থেকে বল মারেন বিপক্ষ কিপারের গায়ে।  ফিরতি বলে তার পাস শুকির কাছে যাওয়ার আগেই ডিফেন্ডাররা কর্নার করেন। এরপর ৮১ মিনিটে ইমন নিজেও গোল করতে ব্যর্থ। পোস্টের দিকে না তাকিয়ে মাথা নিচু করে শট নেন তিনি বিপক্ষ কিপার সোজা। অথচ পোস্ট দেখে মারলে ব্যবধান কমতে পারত। ৮২ মিনিটে ফয়সালের শট বাংলাদেশ গোলরক্ষক শ্রাবণের হাতে লেগে কর্নার হলে হালি গোলের হাত থেকে রক্ষা পায় লাল-সবুজরা।