
ক্রীড়া ডেস্ক
উয়েফা নেশন্স লিগে নতুন মৌসুমে ড্র’তেই মাঠ ছেড়েছে নেদারল্যান্ডস ও জার্মানি। তবে নিজেদের মাঠে ম্যাচ জুড়েই আক্রমণে দাপট ছিল স্বাগতিকদের। কিন্তু জার্মান গোলরক্ষকের দৃঢ়তায় জালের দেখা পাচ্ছিল না ডাচরা। উল্টো হজম করে এক গোল। শেষ পর্যন্ত ইনজুরি কোডি গাপকোর গোলে পরাজয় এড়িয়েছে নেদারল্যান্ডস। এ ছাড়া প্রথম ম্যাচডেতেই গত পরশু ফুটবলপ্রেমীরা উপভোগ করেছে একাধিক হাইভোল্টেজ ম্যাচ। ছিল নরওয়ে-ডেনমার্কের লড়াই। এতে হলান্ডের জোড়া গোলের সুবাদে জয় নিয়ে মাঠ ছেড়েছে নরওয়েজিয়ানরা। পাশাপাশি নিজেদের মাঠে ১-০ গোলের জয় দিয়ে নতুন অভিযান শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালও।
এদিন নেশন্স লিগে অ্যান্ডোরার মাঠে ২-১ ব্যবধানে জয় নিয়ে ফিরেছে মাল্টা। লুক্সেমবার্গকে তাদেরই মাঠে ২-০তে হারিয়েছে লিথুনিয়া। আয়ারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয় কসভোর। ১০ জনের দল ইসরাইলের বিপক্ষে ৩-১ গোলের জয় অস্ট্রিয়ার। সার্বিয়াকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে গ্রিস।
আমস্টারডামের ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে জার্মানির বিপক্ষে নেদারল্যান্ডসের ম্যাচটি ছিল দুই দলেরই নতুন কোচের অধীনে প্রথম পরীক্ষা। জার্মানির ডাগআউটে প্রথমবার দায়িত্ব পালন করেন জার্গেইন ক্লপ, আর নেদারল্যান্ডসের কোচ হিসেবে অভিষেক হয় বার্সেলোনা ও স্পেনের সাবেক তারকা জাভি হার্নান্দেজের। বল পজিশন ও আক্রমণে পিছিয়ে থাকলেও ম্যাচের ৩২ মিনিটে ফেলিক্স নেমেখার গোলে এগিয়ে যায় জার্মানি। গোল হজম করে সমতায় ফিরতে মরিয়া হয়ে পড়ে স্বাগিতকরা। একটা পর্যায়ে মনে হচ্ছিল জয় প্রায় নিশ্চিত সফরকারীদের, ঠিকই তখনই ঘটে বিপত্তি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কাক্সিক্ষত গোলের দেখা পায় স্বাগতিকরা। রুবেন ফন বোমেল বাঁ দিক দিয়ে এগিয়ে গিয়ে অসাধারণ এক ক্রস দেন বক্সে এবং ছুটে গিয়ে প্রথম স্পর্শে চমৎকার ভলিতে ঠিকানা খুঁজে নেন গাকপো। আর তাতেই দুই দলের ম্যাচ শেষ হয় সমতায়। ফলে অভিষেক ম্যাচে ক্লপ ও জাভি- দু’জনকেই সন্তুষ্ট থাকতে হয়েছে এক পয়েন্টে। পয়েন্ট ভাগাভাগি করলেও দুই দলের জন্যই শঙ্কার খবর, প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন জার্মানির কাই হাভার্টজ ও নেদারল্যান্ডসের ব্রায়ান ব্রবি।
এদিকে জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালও। ‘এ’ লিগের চার নম্বর গ্রুপের ম্যাচে ৬০ শতাংশের বেশি সময় বল পজিশন রেখে গোলের জন্য ২৩ শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে পারে পর্তুগাল। ওয়েলসের পাঁচ শটের লক্ষ্যে ছিল একটিই। ম্যাচে প্রথম দু’টি উল্লেখযোগ্য সুযোগ ক্রিশ্চিয়ানো রোনালদো হাতছাড়া করলেও ২২ মিনিটে আর দলকে হতাশ করেননি জোয়াও ফেলিক্স। সৌদি ক্লাব আল নাসর তারকার দূরপাল্লার শটেই আসে একমাত্র গোল। ওয়েলস শেষ দিকে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল; ব্রেনান জনসনের প্রচেষ্টা ক্রসবারে লেগে ফিরে আসলে শেষ পর্যন্ত জয় ধরে রাখে পর্তুগাল। এতে লিসবনে তারা ১-০ গোলে হারিয়েছে ওয়েলসকে। নতুন কোচ জর্জে জেসুসের অধীনে এটি ছিল দলের সফল সূচনা।
আরেক ম্যাচে ডেনমার্কের বিপক্ষে নিজেদের মাঠে উত্তেজনায় ভরা লড়াই শেষে জয় নিয়ে মাঠ ছেড়েছে নরওয়ে। পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচে নরওয়ে জিতেছে ৩-২ ব্যবধানে। অস্কার ববের গোলে শুরু হয় নরওয়ের গোল উৎসব। এরপর আর্লিং হলান্ড ব্যবধান বাড়ান। তবে মিকেল দামসগার্ডের ফ্রি-কিক ও রাসমুস হয়ুলুন্ডের গোলে ম্যাচে ফিরে ডেনমার্ক। শেষ পর্যন্ত আবার গোল করে নরওয়ের জয় নিশ্চিত করেন গোলমেশিন হিসেবে খ্যাত ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড।








